.header-button .inner > span { font-size: 18px !important; } .header-button .inner i.fa { font-size: 40px !important; } .comment-form-message { background-color: #f4f4f4 !important; font-size: 14px !important; }

$type=ticker$count=12$cols=4$cate=0$sn=0$show=post

মণিপদ্ম দত্তের যাপন-নামা (পর্ব ৯)

মণিপদ্ম দত্তের যাপন-নামা (পর্ব ৯)

কমরেড নারায়ণ চৌবে 

নয়ের দশকে একবার মাদ্রাজ (তখনও চেন্নাই হয় নি) থেকে ফিরছি। হাওড়া-মাদ্রাজ রুটে তখন করমণ্ডল এক্সপ্রেস ছিল সবচেয়ে ইজ্জতদার ট্রেন। মাদ্রাজ ইউনিভার্সিটিতে এসেছিলাম একটা কনফারেন্সে।

একটু আগেভাগেই মাদ্রাজ সেন্ট্রাল ষ্টেশনে পৌঁছে গেছি। রেক তখনও দেয় নি। কিছুক্ষণ বাদে এলো। নির্দিষ্ট কামরায় রিজারভেশনের চার্টও লাগিয়ে দিলো। নিজের নামটা দেখতে পেলাম। ব্যাস নিশ্চিন্তি। আজকের ভারতীয় রেল আর প্রায় পঁয়ত্রিশ বছর আগের রেল তো এক ছিল না। বিস্তর ভুলভাল হতো। এখনও নিশ্চয়ই হয়। তবে রেলগাড়ির সঙ্গে সম্পর্কটা কমেছে। ছোটবেলার ভোগান্তিগুলো বিলকুল ভুলিনি। ফলে ট্রেন-সফরে একটা আতঙ্ক কাজ করতো।

তবে সেবার আতঙ্কটা যথেষ্ট বেড়ে গেলো। না, রিজারভেশন চার্টে অন্তত আমার বিষয়ে কোন ভুল নেই। তবে আমার কামরার অন্যান্য সহযাত্রীদের নামধাম দেখে বেশ মুষড়ে পড়লাম। আমার কামরায় অন্তত বিশ জনের নাম, যারা পশ্চিমবঙ্গ সরকারের এক মন্ত্রী ও তাঁর সঙ্গী সাথীরা। মন্ত্রী ও তাঁর রাজনৈতিক চ্যালাদের সঙ্গে দীর্ঘ চব্বিশ ঘণ্টা থাকা কতোটা সুবিধের হবে এই সংশয়টা মাথা থেকে গেলো না। কিন্তু কিছু তো করার নেই। তাই যা থাকে কপালে ভেবে বুক ঠুকে এক কাপ ফিল্টার কফি খেতে চলে গেলাম। ফিল্টার কফি তখন আজকের মতো সহজলভ্য ছিল না। দক্ষিণে আসলে তবেই চাখা যেত।  আমি আজও ফিল্টার কফির ভক্ত। চিকোরি মেশানোর স্বাদটা বড় ভাল লাগে।

ফিরে এসে, একটু ভয়ে ভয়ে নির্দিষ্ট কামরায়  উঠলাম। লাগেজ বলতে একটা স্যুটকেস। আর ষ্টেশনের হিগগিন বোথাম থেকে কেনা এক কপি Surely You’re joking, Mr Feynman! যাত্রাপথের খোরাক। পাঠক যারা  ডঃ ফাইনম্যান সম্পর্কে অবহিত বা এই বইটি পড়েছেন, তাঁদের বোঝানো অনাবশ্যক। সেলিব্রেটেড পদার্থ বিজ্ঞানী। মাত্র সাতচল্লিশ বছর বয়সে নোবেল প্রাইজ। এ বাহ্য। ওঁর রসবোধই ওঁকে মনে রাখার জন্যে যথেষ্ট। বইটি আজও আমার লাইব্রেরীতে আছে। ওঁর নামে কতো যে মজার গল্প আছে! তা অবশ্য অন্য প্রসঙ্গ।

নিজের বার্থ এ পৌঁছে সেটল্ড হয়ে বসে চারদিকে কিছুই অস্বাভিক দেখলাম না। একটু রিলাক্সড হয়ে বইটা  পড়া শুরু করলাম। মাঝে মাঝে চুকচুক করে এদিক ওদিক তাকিয়ে মন্ত্রীমশাইটি কোন জন ঠাহর করার চেষ্টা করি। কিন্তু এতো ছাপোষা সাধারণ লোকজন দেখি যে, মন্ত্রী বা রাজনীতির লোক বলে মনেই হয় না! এখন হয়তো কেউই বিশ্বাস করবে না। হ্যাঁ, এমন দিনও ছিল! ধীরে ধীরে জানলাম ওঁরা বামফ্রন্টের শরিক সি পি আই-এর লোক। অবশ্য আমার অভিজ্ঞতায় সব শরিকের ক্ষেত্রেই এটাই দেখেছি। একবার, হাওড়া দিল্লি রাজধানীতে একই কিউবিকেলে আর এস পির দেবব্রত বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী, ও ক্ষিতি গোস্বামীর সাথে সারাটা পথ কাটিয়েছি। অমন ডাউন-টু-আর্থ পরিচ্ছন্ন ভদ্র মানুষ আর হয় না। তেমনিই অভিজ্ঞতা গুরুদাস দাশগুপ্ত ও সীতারাম ইয়েচুরির সঙ্গেও। এ রূপকথা সত্যিই ছিল। আমি দেখেছি। 

আবার বইয়ে ডুব দিলাম। হঠাৎ উদাত্ত গলায় কে যেন কাউকে ডাকছে। চোখ তুলে দেখি,  দীর্ঘকায়, পেটানো চেহারার এক পঞ্চাশোর্ধ ভদ্রলোক, পরনে একটি ফুলহাতা খাকির শার্ট, হাতা গোটানো, আর একটি নীল চেক লুঙ্গি। পায়ে চটি। পরনের সবগুলোই খুবই সস্তা। কিন্তু তাঁর চেহারা তাতে একটুও ম্লান হয়নি। দেখলেই একটা সম্ভ্রম জাগে। আমাকে জিজ্ঞেস করলেন, বাঙ্গালি? বলেই পাশে বসে পড়লেন। আমি হ্যাঁ বলতেই, জিজ্ঞাসা, চা খাবে? বলেই কাউকে বললেন, ওরে আমাদের জন্যে দুটো। এবার জিজ্ঞাসা, হাওড়া অবধি? আমি অবশ্য খড়গপুর। এবারে আমার মাথায় বিদ্যুৎ খেলে গেলো! আরে এঁকে তো কাগজের পাতায় দেখেছি। কমরেড নারায়ণ চৌবে। কম্যুনিস্ট নেতা। খড়গপুর ম্যুনিসিপালিটির চেয়ারম্যান, ১৯৫৭ থেকে ১৯৬৯ অব্দি একটানা এম এল এ; ১৯৮০ থেকে ১৯৮৯ মেদিনীপুর থেকে মেম্বার অফ পার্লামেন্ট। বোকার মতো জিজ্ঞেস করলাম, আপনি তো সেই বিখ্যাত কমরেড নারায়ন চৌবে ! উনি হা হা করে জোরে হেসে উঠলেন। ‘হ্যাঁ, নারায়ণ চৌবে তো বটেই; তবে বিখ্যাত-টিখ্যাত নই। সে যাকগে, কী করা হয়?’ বললাম। উনি গম্ভীর হয়ে বললেন, তাহলে তো পণ্ডিত মানুষ। আমি মহা লজ্জায় পড়লাম। উনি রসিকতা করে বললেন, সে তো ইংরেজি বই পড়ছো দেখেই বুঝে গেছি। এরপর চা এলো। সম্পর্কটাও বেশ সহজ হয়ে এলো। দেখলাম বেশ আড্ডাবাজ মানুষ । সহজেই আপন করে নিতে পারেন। অনেকানেক কথা হোল। মায় পলিটিক্স পর্যন্ত। দেখলাম, কোথাও যেন একটা বিষাদ কাজ করছে ওঁর কথায়। ওরকম পোড় খাওয়া জীবনের মানুষটার বিষণ্ণতা আমাকে ছুঁয়ে যাচ্ছিল। কাগজে পড়েছিলাম, ঐ সময়ে উনি একটা পারিবারিক ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছিলেন, যেটা ওঁকে চুরমার করছিল হয়তো।

মাদ্রাজে এসেছিলেন দলের ট্রেড ইউনিয়ন এ আই টি ইউ সি-র সম্মেলনে। সম্মেলনে কী আলোচনা বা সিদ্ধান্ত হোল জিজ্ঞেস করায় একটু উদাস হলেন। বললেন, দেখো পণ্ডিত, খুবই খারাপ দিন আসছে। কিন্তু ঠেকাবার মতো জোর কথায় আমাদের! আন্দোলন গড়ে তুলতে হবে অনেক অনেক জোরদার, নাহলে দেশের সাধারণ মানুষের সর্বনাশ হয়ে যাবে। আজ জানি, কতোটা সত্যিই হতে পারে, নারায়ণও চৌবেও সম্ভবত আঁচ করতে পারেন নি। আজকের লেবার কোডের এই রূপ সবার মতো ওঁর কাছেও অভাবিত ছিল।

তখন, বাবরি মসজিদ নিয়ে ঝামেলা তুঙ্গে। করসেবক আর রামশিলা ইটের গল্প মুখে মুখে ফিরছে। বাবরি মসজিদ তার বছর খানেক বাদেই ভাঙা হবে। এই রকম একটা সময়ে স্বাভাবিক ভাবেই সাম্প্রদায়িকতার ইস্যু টা এসে গেলো। আমি আমার চোখা চোখা  বাক্যগুলো দিয়ে অনেক বাচালতা করলাম। উনি খুব ধৈর্য ধরেই শুনলেন। জিজ্ঞেস করলেন, তুমি তো পড়াশুনো করা লোক, আমাকে বল তো একজন সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক বুঝবে কী করে? প্রশ্নটা সহজ হলেও উত্তর টা তো বেশ কঠিন! আমি একটু গুছিয়ে নিয়ে বললাম, এতো সোজা। যে মানুষ ধর্ম দিয়ে বিভেদ করে, সে-ই সাম্প্রদায়িক! উনি সামান্য হাসলেন। বললেন, তোমায় একটা গল্প শোনাই।

স্বাধীনতার ঠিক পরে পরেই ৪৮ এ যখন পার্টি নিষিদ্ধ হয়, তখন আমরা আন্ডারগ্রাউন্ডে চলে গেলাম। বাঁকুড়ার এক গ্রামে শেল্টার নিলাম। সঙ্গে এক মুসলমান কমরেড। লোকাল পার্টি ইউনিট একটা ভাঙা কুঁড়েয় থাকার বন্দোবস্ত করলো। গাঁয়ের একদমই বাইরে। যাহোক একটা ঘুমোবার জায়গা তো হোল, কিন্তু খাব কি? পকেট খালি। খালি না থাকলেও কোন সুবিধে ছিলনা। দিনের বেলা লোকালয়ে আসার নিষেধ ছিল। আর গাঁয়ের লোকজন নিজেরাই দুবেলা খেতে পায় না। সমস্যার সমাধান করলেন এক প্রায় বৃদ্ধ মানুষ। গাঁয়ের শীতলা মন্দিরের পূজারী ব্রাহ্মণ। দিনে দুবেলা ডালভাত নিয়ে এসে আমাদের খাইয়ে যেতেন। প্রতিদিন। কিন্তু আমাদের খাবার দিয়ে প্রতিবারই স্নান করতেন। শীত গ্রীষ্ম বর্ষায়। আমাদের থাকার জায়গার পাশের ছোট ডোবায়। শীতেও তাঁর গাঁয়ে তেমন কোন গরম জামাকাপড় দেখিনি। ছিলই না বোধ হয়। আমরা তাঁকে সর্বদাই কানে গোঁজা পৈতে অবস্থায়ই দেখেছি। প্রায় বছর দেড়েক কাটাতে হয়েছিল সেখানে। এক দিনের জন্যেও পাঁড়েজি কে অন্যথা করতে দেখিনি। উনি কিন্তু পার্টির কেউ ছিলেন না। তা আবার পৈতেধারী পূজারী ব্রাহ্মণ! নিজের জাত সম্পর্কে অতি সতর্ক; জাত খোয়ানো নিয়েও। আমার সঙ্গের কমরেড যে মুসলমান, উনি তা জানতেন! এবার বল পণ্ডিত, কে বেশি অসাম্প্রদায়িক? পাঁড়েজি না তুমি?
উত্তর দিতে পারিনি।
তারপরদিন ট্রেন যখন খড়গপুর পৌঁছবে পৌঁছবে করছে, নারায়ণদাকে, লুঙ্গিটা ছেড়ে একটা আটহাতি ধুতি মালকোঁচা মেরে পরে নিতে দেখলাম। নামার আগে, একবার ডান হাতটা বাড়িয়ে দিলেন। আমিও। একটু জোরেই চাপ দিয়ে মৃদু হাসলেন। ততক্ষণে গাড়ি ষ্টেশনে ঢুকে গেছে। নারায়ণ দা গেটে। বাইরে বিপুল জনতা, কমরেড নারান চৌবে জিন্দাবাদ ধ্বনিতে গমগম করছে চত্বর।

আমাদের আর দেখা হয়নি। কিন্তু ওঁর সেই গভীর কথাগুলো আজও নাড়া দেয়। আমার মধ্যবিত্ত চেতনার জগতে বারবার ধাক্কা দেয়। আমাদের ন্যরাটিভ তো বিলকুল আলাদা!

লেখাটা এখানেই শেষ হতে পারতো; কিন্তু আর একটি দুটি কথা না বলে থাকতে পারছি না।

আশি সনের লোকসভা নির্বাচনে পার্টি নারায়ণ চৌবেকে প্রার্থী হতে দেয় নি। ততো দিনে ওঁর স্ত্রী সরকারি চাকরি ছেড়ে দিয়ে কংগ্রেসে নাম লিখিয়েছেন, মেদিনীপুর লোকসভা কেন্দ্রেই প্রার্থী হয়েছেন। পার্টি নারায়ণ চৌবেকে একঘরে করেছে। ওঁর দুটি ছেলেই বেঘোরে মরেছে। নারায়ণ এতটাই অনস্তিত্ব হয়ে গেছিলেন যে, ওঁর মৃত্যুর সঠিক কোন তথ্যও পাওয়া যায়না। এমনকি কবে মারা গেলেন তাও জানা নেই। উইকিপিডিয়াতে দেখা যায় একটি অদ্ভুত তথ্যঃ In 2008, it was noted that Choubey was deceased.


মক্তবের স্মৃতি ১
দেবোপম

কলেজে আমাদের বন্ধু সার্কেলে এক সেট জোড়া-বন্ধু ছিল। ঠিক-ই পড়ছেন। জোড়া-বন্ধু। সে দুজন প্রায় একটাই অস্তিত্ব। রণজয় ও দেবোপম। বারাসত বা দত্তপুকুরের ছেলে। একই স্কুলের। রাণা-দেবু জোড়। ওদের সব-কিছুই একসাথে। কলেজ আসা যাওয়া। আমাদের সঙ্গে আড্ডা মারা। ক্যান্টিন যাওয়া। অন্তত কলেজ জীবনে তো তাই দেখেছি। আমরা কখনওই জোড়ে ছাড়া দেখিনি ওদের। ছাত্র ইউনিয়নের কলেজ গেট বন্ধ করে আন্দোলন-আন্দোলন খেলায় অন্যেরা যখন ভিতরে বাইরে হাঁসফাঁস করছে, রাণা-দেবু তখনও জোড়ে; ক্যাম্পাসের অন্দরে বা বাইরে। ও হ্যাঁ, আন্দোলন-আন্দোলন খেলা শব্দবন্ধ সচেতন ভাবেই। পঁচাত্তর সনের পশ্চিম বাংলায়, সবটাই সিদ্ধার্থ শঙ্কর। তৎকালীন কংগ্রেস-এর ছাত্র শাখায় হাজারটা উপদল ছিল, আপসে লড়াইয়ের জন্যে। খেলা তো বটেই! কলেজ জীবনে কোন উল্লেখযোগ্য ঘটনা না ঘতালেও, পরবর্তী জীবনে ওদের সঙ্গে কিছু মজার স্মৃতি ভাগ করে নেওয়ার জন্যেই এই অবতরণিকা।

তখন মাস্টার্স করছি। আমি সে সময়ে বেশ লজ্জাজনক ভাবেই কৃশকায় ছিলাম। যেমন এখন আবার অসহায় ভাবেই কিছু স্থূল। আদতে মাস্টার্সে পড়ার পর থেকে কোন জাদুবলে এই ওজন্দারিত্বের শুরুয়াত। শুরুর দিকে মন্দ লাগত না। এবং আশেপাশের মেয়েদেরও যে মন্দ লাগতো না তার স্বাদু অভিজ্ঞতার চাট এখনও হাতে লেগে রয়েছে! হায়, সে ছিল এক দিন আমারও ( শঙ্খ লিখেছেন, ‘আমাদের’)! তো একদিন শিয়ালদাহ ইস্টিশনে আমাদের কলেজ জীবনের পরবর্তী অধ্যায়ের প্রথম দেখা। আমি দেখি নাই ফিরে! তবে দেবু আমায় দেখেছে। এবং হতভম্ব বা হতবাক হয়ে বিস্ফারিত চক্ষে নিস্পলক তাকিয়েই রয়েছে! কে জানে তারই টানে বোধও হয় আমারও চোখ পড়লো। বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলাম, অমন করে তাকিয়ে রয়েছিস কেন? দেবুর ওষ্ঠাধর কিঞ্চিৎ নড়িয়া উঠিল, শ্লা, তোকে তো চেনাই যাচ্ছে না! কী সুন্দর গত্তি লেগেছে গাঁয়ে! আমার তো আর কিছুই হোল না! জানিসই তো, আমার মোটা আর ফর্সা হওয়ার অতো সখ! প্লীজ, বল না, কী ভাবে করলি এ’সব? আমার স্বাভাবিক উত্তর, আরে কী ভাবে আবার! আমি নিজেই জানি নাকি? ও তাও বড্ড জ্বালাতন করতে লাগলো, জানি তুই বলবি না! কী জ্বালা! অবশ্য এর মধ্যেও আরেকটা ছোট্ট গল্পও ছিল। আমার পেপটিক আলসার সিন্ড্রোম হয়েছিল। ডাক্তারও দেখাতে হয়েছিল। কিছুদিন ওষুধ পথ্যও। হয়তো তার জন্যেই কিছু ঘটে থাকবে! এটা শুনে তো আর এক বিপত্তি। দেবু এবারে বেশ অ্যাগ্রেসিভ। ঐ ডাক্তারের অ্যাড্রেস টা দে তো! মানে?! তোর তো শরীর কিছুই খারাপ হয় নি। ডাক্তারের ঠিকানা নিয়ে কি করবি? ‘আরে আমার নিশ্চয়ই কিছু হয়েছে! না হলে খামোখা এমন রোগা হয়ে থাকবো কেন? তোর ডাক্তারকেই দেখাব! উনিই খুঁজে বার করবেন, আমার ঠিক কী হয়েছে!’ আশ্চর্য যুক্তি! তড়িঘড়ি ঠিকানা, ফোন নম্বর দিয়ে দিলাম! ফেরার লোকালের টাইম হয়ে গেছে! ছাড়া পেয়ে প্লাটফর্মের দিকে ছুট লাগালাম! বুঝলাম, কিছু একটা তো হয়েইছে দেবুর! তবে মাথার! আমি আর কী করতে পারি!

এরপরে প্রায় মাস ছয় বাদে আবার দেখা। এবারে কলেজ স্ট্রীট কফি হাউসে। এবারেও আমি দেখিনি। দেবুই দেখে ছুটে এলো আমার টেবিল-এ। আগের সাক্ষাতকারের স্মৃতি টাটকাই ছিল। ফলে আমি কিছুটা সতর্ক, কিছুটা সন্ত্রস্ত। পাশের চেয়ারে বসলো। চেয়ে দেখলাম, চেহারা তো একই রকম আছে! সেই হাল্কা পুল্কা! কফি খেতে খেতে গপ্পোটা শুনলাম!

দেবু গিয়েছিল সেই ডাক্তারের কাছে! ৩২ টঙ্কা ফী দিয়ে দেখিয়েওছিল! তবে সে এক কহানীই বটে! ডাক্তার বাবু ওকে খালি প্রশন করে চলেছেনঃ
কী হয়েছে তোমার?
সেটা জানতেই এসেছি ডাক্তারবাবু।
জ্বর হয়?
না
-জ্বর জ্বর লাগে?
না
খিদে হয়?
হ্যাঁ
হজম?
হ্যাঁ
দাস্ত?
হ্যাঁ
শুয়ে পড় 
এবারে এখানে টিপছেন, ওখানে খামচাচ্ছেন
লাগছে?
না
নেমে এসো
এবারে স্টেথো দিয়ে বুক পরীক্ষা, চোখের পাতা টেনে দেখা, আরও যা যা সম্ভাব্য। এবং প্রশ্ন।
ব্লাড প্রেসার মাপলেন। নরমাল!   
এবারে ডাক্তারের ধৈর্যের স্খলন ঘটলো, প্রথম বার।
তুমি ঠিক কী কারণে, এসেছ আমার কাছে???
মোটা হ’তে
হোয়াটটট????!!!
এবারে দেবুও একটু ভয় পেয়ে গেলো। অনেক কষ্টে আমতা আমতা করে বলল আমার স্বাস্থ্যোন্নতির কথা, ওঁর চিকিৎসায়!
সব শুনে, ডাক্তারের অট্টহাস্য! 
কী যে ছেলেমানুষ তোমরা! আরে তোমার বন্ধুর তো একটা অসুখ হয়েছিল! তারই চিকিৎসা করেছি! তোমার তো কিছুই হয়নি!
এরপরে, দেবু আর বিন্দুমাত্র অপেক্ষা করেনি। সেটুকু বুদ্ধি ওর ছিল!
দেবুর আর মোটা হওয়া হয় নি! সত্যিই না!
এই ঘটনার প্রায় বছর দশেক বাদে, ফের দেখা! সস্ত্রীক, সপুত্র।
পরিচয় করিয়ে দিলো স্ত্রীর সঙ্গে! ভাল লাগলো! ছেলেটাও ফুটফুটে!
দেবু একই রকম ছিল। তবে গায়ের রঙ আর ওজনে ওর সহধর্মিণী যে ওর খেদ মিটিয়ে দিয়েছিলেন, এ ব্যাপারে  আমার কোন সন্দেহ নেই!

যাপন-নামা (পর্ব ৯)
▮ মণিপদ্ম দত্ত

মন্তব্য

নাম

অনুবাদ,74,আত্মজীবনী,27,আর্ট-গ্যালারী,2,আলোকচিত্র,1,ই-বুক,7,ইচক দুয়েন্দে,23,ইশতেহার,2,উৎপলকুমার বসু,26,উপন্যাস,21,ঋত্বিক-ঘটক,21,কবিতা,357,কবিতায় কুড়িগ্রাম,7,কর্মকাণ্ড,18,কার্ল মার্ক্স,1,গল্প,92,গিন্সবার্গ,7,চার্লস বুকাওস্কি,40,ছড়া,1,জার্নাল,13,জীবনী,9,দশকথা,25,দিনলিপি,1,পাণ্ডুলিপি,11,পুনঃপ্রকাশ,27,পোয়েটিক ফিকশন,1,প্রতিবাদ,1,প্রতিষ্ঠানবিরোধিতা,4,প্রবন্ধ,222,প্রিন্ট সংখ্যা,5,বই,3,বর্ষা সংখ্যা,1,বসন্ত,15,বিক্রয়বিভাগ,21,বিবিধ,3,বিবৃতি,1,বিশেষ,27,বুলেটিন,4,বৈশাখ,1,ভাষা-সিরিজ,5,ভিডিও,3,মাসুমুল আলম,35,মুক্তগদ্য,47,মে দিবস,1,যুগপূর্তি,6,রিভিউ,5,লকডাউন,2,শম্ভু রক্ষিত,2,শাহেদ শাফায়েত,25,শিশুতোষ,1,সন্দীপ দত্ত,14,সম্পাদকীয়,22,সাক্ষাৎকার,27,সৈয়দ ওয়ালীউল্লাহ,18,সৈয়দ রিয়াজুর রশীদ,55,সৈয়দ সাখাওয়াৎ,33,স্মৃতিকথা,15,হেমন্ত,1,
ltr
item
বিন্দু | লিটল ম্যাগাজিন: মণিপদ্ম দত্তের যাপন-নামা (পর্ব ৯)
মণিপদ্ম দত্তের যাপন-নামা (পর্ব ৯)
মণিপদ্ম দত্তের ধারাবাহিক জার্নাল যাপন-নামা (পর্ব ৯)
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzAvdxMXGW2PqKMAM9MyiliL8UOA4M06v96eSiRQLqCSZ7mqwZls66bQvktyj6760IEtdJnba3Z4VwA-5RRvVvm8dBLXrRTnwjFXh0EJWBFkKSwsxPAiLTi9ABmnPl9Y20z0c8fDDIFFpJ_rqkPhnFQgwnpy1HdJR5OAM1E9BtAghV32BLRSykQvT9EqM/s1600/%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A8-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%0A%E0%A6%AE%E0%A6%A3%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AE%20%E0%A6%A6%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4.png
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzAvdxMXGW2PqKMAM9MyiliL8UOA4M06v96eSiRQLqCSZ7mqwZls66bQvktyj6760IEtdJnba3Z4VwA-5RRvVvm8dBLXrRTnwjFXh0EJWBFkKSwsxPAiLTi9ABmnPl9Y20z0c8fDDIFFpJ_rqkPhnFQgwnpy1HdJR5OAM1E9BtAghV32BLRSykQvT9EqM/s72-c/%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A8-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%0A%E0%A6%AE%E0%A6%A3%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AE%20%E0%A6%A6%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4.png
বিন্দু | লিটল ম্যাগাজিন
https://www.bindumag.com/2026/11/japon-nama-9-manipadma-datta.html
https://www.bindumag.com/
https://www.bindumag.com/
https://www.bindumag.com/2026/11/japon-nama-9-manipadma-datta.html
true
121332834233322352
UTF-8
Loaded All Posts Not found any posts আরো Readmore উত্তর Cancel reply মুছুন By নী PAGES POSTS আরো এই লেখাগুলিও পড়ুন... বিষয় ARCHIVE SEARCH সব লেখা কোন রচনায় খুঁজে পাওয়া গেল না নীড় Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy