.header-button .inner > span { font-size: 18px !important; } .header-button .inner i.fa { font-size: 40px !important; } .comment-form-message { background-color: #f4f4f4 !important; font-size: 14px !important; }

$type=ticker$count=12$cols=4$cate=0$sn=0$show=post

তারাপদ রায়ের কবিতা: কৌতুক, শ্লেষ ও দ্রাব্য ধূসরতা • রাধাবল্লভ চক্রবর্ত্তী

তারাপদ রায়ের কবিতা: কৌতুক, শ্লেষ ও দ্রাব্য ধূসরতা • রাধাবল্লভ চক্রবর্ত্তী
‘বরং নিজেই তুমি লেখোনাকো একটি কবিতা—’
বলিলাম ম্লান হেসে; ছায়াপিণ্ড দিলো না উত্তর;
বাংলা সাহিত্যে, আরও স্পষ্ট করে বললে আধুনিক বা তার পরবর্তী সময়ের কবিতার স্রোতধারায় যদি প্রতি-উত্তর, কৌতুক এবং একইসাথে শ্লেষের সহাবস্থান বর্তমান এমন লাইন খোঁজেন পাঠকরা, তবে খুব সম্ভবত এই লাইনটিই উঠে আসে বা আসবে। ‘সাতটি তারার তিমির’ কাব্যগ্রন্থের ‘সমারূঢ়’ কবিতার এই প্রথম দুই লাইনে কৌতুক কখনওই কেবল ছল বা হাস্যরসের জোরপূর্বক ও অক্ষম প্রয়োগ নয়, বরং একটি শ্লেষ, একটি মোচড়ের শৈল্পিক বুনন। কবি জীবনানন্দের এই সূক্ষ্ম প্রতিভার দিকটি নিয়ে ভূমিকা হিসেবে ব্যবহার করে নেওয়া হল এই কারণে যে, তাঁর সময়ের পরবর্তী এমন এক কবির কবিতায় এই তথাকথিত ‘রসবোধ’ নিয়ে কথা বলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। যদিও এই রসবোধ আপেক্ষিক; বরং তার মধ্যে অবস্থিত নানান প্রশ্ন, ধূসরতা, শ্লেষ, স্পর্ধাই তার আড়ালের মূল দিক। এ-লেখার শিরোনাম দেখে সবাই বুঝেই গেছেন যে, তারাপদ রায়, কবি তারাপদ রায়ের কবিতা নিয়ে কথা বলার চেষ্টা করা হবে।

এই ধারণা আমাদের, প্রায় সবার মধ্যেই রয়েছে যে, তারাপদ রায়ের লেখা মাত্রার দিক থেকে বেশ লঘু হয়, খুব সাধারণ বিষয় বা আঙ্গিক থেকে উঠে আসে তাঁর কবিতার বক্তব্য; ইংরেজিতে বললে, তাঁর লেখাগুলি বেশ একপ্রকার nonchalance; কিন্তু, যদি একটু মনোযোগ দিয়ে ও একটু বিস্তৃতির আয়নাটি সামনে রেখে ভাবার চেষ্টা করি, আমাদের ওই বদ্ধ ধারণাটি ভেঙে যেতে বাধ্য।

এবার তারাপদ রায়ের তেমনই কিছু কবিতাকে নিয়ে বরং চিন্তা বা বিশ্লেষণের দিকে যাওয়া যাক। 
শুরুতেই ১৯৬৭ সালে প্রকাশিত কাব্যগ্রন্থ ‘ছিলাম ভালোবাসার নীল পতাকাতলে স্বাধীন’-এর ‘জীবনানন্দ দাশ ১৯৬২’ কবিতাটির কথা বলে নেওয়া যাক। কবিতাটি— 
স্যার, বারান্দায় একটু অপেক্ষা করুন।
দুলাইন লিখে নিতে দিন, একটু একটা লিখতে দিন
আপনার উৎপাতে বড় ব্যতিব্যস্ত আছি।
আট বছর আগেকার লাশকাটা ঘর থেকে—
রক্ত মাখা ঠোঁটে
প্রত্যেক রাত্রিতে কেন, প্রত্যেক রাত্রিতে
কোনো পরিচয় নেই, কোনো আত্মীয়তা নেই, কেন,
আমার ঘরের মধ্যে কেন?
দয়া করে বারান্দায় অপেক্ষা করুন।
এই কবিতার পর খানিক নীরবতা প্রয়োজন বলে আপনাদেরও কি মনে হয় না? কোথাও রসবোধ, কোথায় কৌতুক? এখানে যা পাওয়া যাচ্ছে, তা হল এক রূঢ় বাস্তব। এক রক্তাক্ত, যন্ত্রণাক্লিষ্ট ইতিহাস। একইসাথে যুগোত্তীর্ণ প্রভাব।

এই কবিতায় অনেকগুলি দিক উঠে আসছে। একেক করে বলা যাক — প্রথমত, কবিতাটির শিরোনামে ‘১৯৬২’ সংখ্যাটি পাচ্ছি। এটি অন্য কিছু নয়, কবিতাটি রচনার সাল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, যখনই আমরা জীবনানন্দের সঙ্গে যুক্ত করে দেখব বা ভাবব, তখন উত্তরটা কীরকম আসবে যেন? জীবনানন্দ প্রয়াত হচ্ছেন কত সালে? ১৯৫৪। কবিতায় জীবনানন্দের বিখ্যাত কবিতা ‘আট বছর আগের একদিন’ কবিতার প্রসঙ্গ এসেছে। মানে, ওই ‘শোনা গেল লাশকাটা ঘরে/ নিয়ে গেছে তারে;’-র থেকে derivation হয়ে এই কবিতায় হয়েছে ‘আট বছর আগেকার লাশকাটা ঘর থেকে—/ রক্ত মাখা ঠোঁটে’। এবার একটা সহজ অঙ্ক আমাদের করতে হবে। জীবনানন্দ মারা যাচ্ছেন কীভাবে? ট্রামের ধাক্কায় বা বলা ভাল, ট্রামে ‘কাটা’ পড়ে। অবশ্যই সেখানে তীব্র রক্তাক্ত ব্যাপার রয়েছে। আর এবার দেখুন, ১৯৫৪-র সঙ্গে ৮ যোগ করলে কত হয়? ১৯৬২। যা কিনা এই কবিতার শিরোনামে রয়েছে। এবার কথা হচ্ছে, জীবনানন্দ তো এই কবিতা তাঁর মৃত্যুর আগে লিখেছেন; তাহলে এখানে এরকম এলোমেলো অঙ্ক করে হিসেবে ভজানোর কী মানে হয়? এর উত্তরে নিশ্চয়ই বলা যেতে পারে, আসলে গভীর জীবনবোধ নিজেই তো একটি কবিতা। কবি নিজেই তো সেই বিমূর্ত কবিতার মূর্ত স্বরূপ। আর ঠিক এই ভাবনা থেকেই কবি তারাপদ যেন কবি জীবনানন্দের অস্তিত্বকেই সাক্ষাৎ একটি কবিতার বা মহাকবিতার অস্তিত্ব হিসেবে পরিচয় দিচ্ছেন। আবার এই একই প্রসঙ্গে ‘লেট ভিক্টোরিয়ান পিরিয়ড’-এর ঔপন্যাসিক অস্কার ওয়াইল্ড (Oscar Wilde)-এর বিখ্যাত উপন্যাস দ্য পিকচার অব ডোরিয়ান গ্রে (The Picture of Dorian Gray)-র সেই বিখ্যাত লাইনটি মনে পড়ে – ‘He lives the poetry that he cannot write.’। যদিও, এই লাইনের অবজেক্ট কমপ্লিমেন্ট পার্টটি (that he cannot write) বাস্তব না হলেও, এটা তো বড় বাস্তব যে জীবনানন্দের জীবনটিই আস্ত একটি কবিতা। তিনি কবিতার জন্য বেঁচেছিলেন, তিনি কবিতা হয়ে বেঁচেছিলেন, বাঁচেন ও বাংলা কবিতার জগতে বেঁচে থাকবেনও। প্রকৃতপক্ষে ‘He lives the poetry’… যাইহোক, এই কবিতাটি দুটো মুডেই রয়েছে – imperative ও optative mood-এ। মানে, একদিক থেকে এই কবিতাটি যেন প্রচ্ছন্ন আদেশ করছে, আবার একদিক থেকে এতে অবশ্যই অনুরোধ প্রকাশ পাচ্ছে। যদি একেবারে শুরুর শব্দটি দেখি, সেখানের ‘স্যার’ শব্দটির ব্যবহার, বক্তাকে কর্তৃত্বপূর্ণ হতে বাধা দেয়। আবার যখন ‘স্যার’ বা জীবনানন্দকে উদ্দেশ্য করে সরাসরি বলতে দেখা যায় ‘আপনার উৎপাতে বড় ব্যতিব্যস্ত আছি।’, তখন এই যে ‘উৎপাত’ শব্দটিকে এভাবে ব্যবহার করা, তা কিন্তু আমাদের অবাক করে, নিজেদের মধ্যেই আমাদের আড়ষ্ট করে। বা, ‘প্রত্যেক রাত্রিতে কেন, প্রত্যেক রাত্রিতে/ কোনো পরিচয় নেই, কোনো আত্মীয়তা নেই, কেন,/ আমার ঘরের মধ্যে কেন?’ এই লাইন দুটির মধ্যে কি আমরা, পাঠকরা, কোনও কাতরতা, কোনও অসহায়তা পাব না? কেননা, এ কথা তো ঠিক যে জীবনানন্দ বাংলা কবিতার জগতের শেষ দীর্ঘতম আলোকবর্তিকা; আর জীবনানন্দের ভাষা, ভাষার প্রয়োগ, ছন্দ, চিত্রকল্প, বর্ণনা ব্যবহার, বাঁকের দ্বারা প্রভাবিত হননি এমন কবিতাপ্রয়াসী তো বোধহয় খুঁজলেও পাওয়া যাবে না; আর এর কারণে যে চ্যালেঞ্জটি এসে যায়, মূলত সদ্য কবিতা লিখতে আসা তরুণ কবিদের, তা হল জীবনানন্দের ভাষায়, বক্তব্যে আক্রান্ত হয়ে নিজের ভাষা ও বক্তব্যটি বেমালুম হারিয়ে ফেলা। আর ঠিক এই পরিস্থিতিটি কবি তারাপদর পক্ষে  হওয়াটা খুব বিরল কিছু কি? আর ঠিক এখানেই কবি তারাপদ বা তাঁর কবিতার কবি যেন জীবনানন্দকে অনুরোধের মাধ্যমে, উষ্মার মাধ্যমে তাঁকেই স্বীকার করলেন, তাঁর মহত্বের পায়ে ফুল দিলেন। এ-ও যেন এক ব্যাজস্তুতি। আর এই যে বুদ্ধিদীপ্ত প্রয়োগ করলেন ভাষা ও বিষয়ের, যাকে ইংরেজি ভাষায় wit বলতে পারি আমরা, তা কিন্তু তারাপদ-র কবিতাকে বিশেষভাবে আলাদা করে রাখে।

তারাপদ রায়ের কবিতার অন্য একটি অত্যন্ত বিশেষ দিক হল ‘পার্সোনালিটি’ বা ব্যক্তিগত ভাব বা অবস্থা। তবে হ্যাঁ, অবশ্যই সেই পার্সোনালিটি কিন্তু অন্য অন্য ব্যক্তির ব্যক্তিগত ভাবকে ছুঁয়ে যায়।

তারাপদ রায়ের কবিতার অন্য একটি অত্যন্ত বিশেষ দিক হল ‘পার্সোনালিটি’ বা ব্যক্তিগত ভাব বা অবস্থা। তবে হ্যাঁ, অবশ্যই সেই পার্সোনালিটি কিন্তু অন্য অন্য ব্যক্তির ব্যক্তিগত ভাবকে ছুঁয়ে যায়। আর সেই কারণেই সেইসব কবিতা এত কাছের হয়ে ওঠে পাঠকদের কাছে, এত বেশি আবেদন নিয়ে ছুঁতে পারে।

আর আরেকটি বিষয় কিন্তু পাঠক নিশ্চয়ই খেয়াল করবেন যে, ওঁর কবিতায় অদ্ভুত এক করুণরস বা pathos দেখা যায়। মুখ ফুটে সবটুকু বলে দেওয়া নয়, তবু যেন কী এক বেদনা, চাপা কান্না, জীবনের ধূসরতা, অভাব ফুটে ওঠে ওঁর কবিতায়। না, এগুলো কেবলই পাঠক যে দেখছেন বা ভাবছেন তা নয়, বরং এগুলিকে কবির সচেতন প্রয়োগ হিসেবেও দেখা জরুরি। এই যে আবরণ, সরাসরি বিগলিত হয়ে না পড়েও যথাযথ উপস্থাপন, এ কিন্তু নিশ্চিতভাবে কবিত্ব ও তার শক্তি ও এক অভিনবত্বও বটে।

১৯৭৫ সালে প্রকাশিত ‘পাতা ও পাখিদের আলোচনা’ কাব্যগ্রন্থ থেকে একটি ক্ষুদ্র আয়তনের কিন্তু চমৎকার একটি কবিতা পড়ে নেওয়া যাক —
কবিতার নাম ‘তদন্ত কমিশন’
আমাদের সাড়ে আটজনের সংসারে
তিনজন মারা গেছে একবছরের মধ্যে
আমরা ভালো আছি। –এত স্পষ্ট কিছু বলা যায় না
যারা মারা গেছে তারা কি রকম গেছে
যারা আছে তারা কি রকম আছে
এ বিষয়ে তদন্ত কমিশন দরকার—
তবু মোজা ছিঁড়ে গেলে কারো কথা মনে পড়ে,
কই মাছ খেতে গেলে কারো কথা মনে পড়ে।
এ লেখার পরেও প্রয়োজন নীরবতা। এই যে আমাদের জীবন, বেঁচে থাকা, তা তো তুচ্ছ। আর এই তুচ্ছতা আরও তীব্র হয়, অনুভূত হয় যখন অর্থনৈতিক শ্রেনী কাঠামোয় কেউ মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত বা নিম্নবিত্ত হন। এই কবিতা যৌথ পারিবারিক জীবনের দিকটি যেমন আনল, যেমন আনল সামান্য উপাদানের ভিতর বেঁচে থাকা, স্মৃতির আলোছায়ার খেলা, তেমনই আনল কৌতুক। মজা লাগল একটি জায়গায় — ‘সাড়ে আটজনের সংসারে...’; আর চেনা wit ধরা পড়ল ‘কই মাছ খেতে গেলে...’ অংশটিতে।

এই যে ‘সাড়ে আটজনের সংসারে’ কথাটি, এটা তো কখনও যুক্তিসম্মত নয়। অবাস্তব। আবার কবিতার ভাষাকে তো যুক্তির বন্ধনে আবদ্ধ করেও রাখা যায় না। এখানে ভেবে নিতে হবে, হয়তো  আটজন পূর্ণ বয়স্ক মানুষের পরিবারে একজন শিশুকে ধরে এই শব্দবন্ধটি ব্যবহার করা হয়েছে। যেহেতু শিশু পূর্ণ বিকশিত নয়, তাই এমন অর্ধেক জীবন হিসেবে তাকে ভাবা। আবার এমনও হতে বাধা নেই যে, বাড়ির পোষ্যকে উদ্দেশ্য করে এই অর্ধেকের ব্যবহার। এখানে মানুষ এবং মনুষ্যেতর প্রাণীদের বিভাজন, তা যেন ওই অর্ধেকের কথাটি বলে তারাপদ বুঝিয়ে দিলেন।

আর বিত্তের নিম্নতা যেন ওই ‘কই মাছ’ কথাটিই জানিয়ে গেল। কোনও দামি মাছের উল্লেখ নয়, পুকুর-ডোবা-বিল থেকে ধরা কই মাছ।
এই যে জীবন তবু, সয়ে যেতে হয়, বয়ে যেতে হয়, হঠাৎ শূন্যতা এসে গেলে মেনে না নিতে চাইলেও মেনে নিতে হয়, স্মৃতি হঠাৎ এসে ধাক্কা দিলেও তাতে পুরোপুরি ভেসে গেলে চলে না বা চলে যাওয়ার উপায় থাকে না, তা যেন ছলকে উঠছে এই কয়েকটি লাইনেই। কে কীভাবে থাকে, তা তো বোঝা যায় না, মাপা যায় না। আর তাই এই বলা:
যারা মারা গেছে তারা কি রকম গেছে
যারা আছে তারা কি রকম আছে
এ বিষয়ে তদন্ত কমিশন দরকার—
এই প্রশ্ন যদি নিজেদের ঘুরিয়ে করা হয় আজ? সত্যিই তো, আমরা কি জানি, কে কীভাবে যায়? আমরা কি জানি, যারা এই মুহূর্তে আছে, তারা ঠিক কেমনভাবে আছে? জানার উপায় আছে? তদন্ত সম্ভব? কমিশন বসানো সম্ভব? উত্তর: না। তবুও এই যে কৌতুক করে তারাপদ লিখলেন ‘তদন্ত কমিশন’-এর কথা, এ যে অসম্ভব হয়েও কবিতায় কীভাবে সাবলীল ও একচিলতে আশার হাসি জোগালো, এ-ও খুব কম কিছু কি? 

যাইহোক, কবিতা বিষয়ক আলোচনার এই অংশ, এই পর্বটি তাঁর আর একটি লেখা দিয়ে শেষ করা যাক। একইভাবে, কবিতাটি থাকছে — কবিতার নাম: ‘যুদ্ধশেষ’।
ভুলেও কি ভেবেছিলো কেউ কোনোদিন,
এই যুদ্ধ সত্যি শেষ হবে।
ভগ্ন শিরস্ত্রাণ, রক্ত লেগে আছে শতচ্ছিন্ন মলিন পোশাকে,
সেই রক্ত, বহুদিন হয়ে গেছে;
আজ আর গাঢ় লাল নয়,
কিছুটা কালচে ছোপ—
কুরুক্ষেত্র, মেবার পতন,
পার্লহারবারে নাকি, পানিপথে, গোলাপের বিনাশ গোলাপ
এই রক্ত লেগেছিলো জামার আস্তিনে
ময়লা ছেঁড়া ঘামে ভেজা খাকির শরীরে।
যুদ্ধ শেষ।
বিশাল বজরায় চড়ে, পায়ে হেঁটে, রেলের কামরায়
গাদাগাদি মন্থর জাহাজে
এখন যে যার বাড়ি ফিরে যাওয়া—
যদি এই এতদিন পরে
এত শত বছরের বাদে
কোনোখানে আজো বাড়ি থেকে থাকে,
সাগর ও পাহাড়ের পরপারে
নতুনশস্যের খেতে সাদা দুধ দানা বাঁধে যদি।
গ্রামান্তের সবুজ ডালে রৌদ্র ও বাতাস
অথবা জ্যোৎস্নার রাতে নিরিবিলি উঠোনে মাদুর
বহুদিন ফেলে আসা সাধের বাড়িতে
যদি আজো ফেরা যায়।
যুদ্ধ শেষ।
খেতের আলপথ ধরে ভোরের আলোয়
ফিরে আসছে  ক্লান্ত ও আহত আর সহস্র যুদ্ধের
রক্তমাখা, স্মৃতিতিক্ত কবেকার সামান্য সৈনিক,
ফিরে আসছে গ্রামের কুটিরে
শিশু আর নারীর নিকটে।
সেই যুদ্ধ
সত্যি তবে শেষ হলো আজ।
এই যুদ্ধের প্রসঙ্গ, এই উপস্থাপন, এই ক্লান্তি, এই রক্তপাত, এই হাহাকার, এই জীবনের কান্না, প্রকৃত জীবন খোঁজা, প্রকৃত জীবনের কাছে ফিরে আসার আর্তি বিশ্বসাহিত্যের এক তরুণ কবিকে মনে করিয়ে দিচ্ছে, যিনি যুদ্ধের মাশুল হিসেবে নিজের প্রাণ হারিয়েছিলেন ভয়াবহ প্রথম বিশ্বযুদ্ধের যুদ্ধক্ষেত্রে; যিনি ‘ট্রেঞ্চ পোয়েট’-দের অন্যতম বা হয়তো সর্বশ্রেষ্ঠ মুখ। উইলফ্রেড আওয়েন (Wilfred Owen)। তাঁর ‘Strange Meeting’ কবিতাটি ও তার কয়েকটি লাইন মনে পড়ছে এই যুদ্ধ, এই ভয়াবহতা এবং এক অমানুষিক ক্লান্তি ও তার থেকে মুক্তির আকাঙ্খা ও পরিভাষা বোঝাতে—
It seemed that out of battle I escaped
Down some profound dull tunnel, long since scooped
Through granites which titanic wars had groined.
… And by his smile, I knew that sullen hall,-’
By his dead smile I knew we stood in Hell.
আসলে সব যুদ্ধই এক। এক দল জেতে ঠিকই, কিন্তু, বাস্তবে হেরে যায় দু-পক্ষই। আর যারা কোনও পক্ষেরই নয়, সাধারণ মানুষ বা অন্য অবলা পশুপাখি বা প্রকৃতিও, তারা বিদ্ধ হয় সবচেয়ে বেশি। যুদ্ধ কোনও সমাদধান নয়। কোনওকালে নয়। কিন্তু যুদ্ধ তো হয়, হয়েছে, হয়ে চলেছে এবং হবেও; একে ঠেকানোর সাধ্য কার আছে? আর যাদের আছে, তারা কি এরকমটা আদৌ করতে চায়? উত্তর হল ‘না’। কেননা, ক্ষমতার লোভ, ক্ষমতার আমিষ গন্ধ আহ্বান করে তাদের তথাকথিত অসীমতা আস্বাদন করতে, উপভোগ করতে। এই লেখা এই তথাকথিত আধুনিক সময়ে, আধুনিক সভ্যতার সভ্য সমাজে দাঁড়িয়ে, যেখানে একটি দেশ চূড়ান্ত ঘৃণায় নিমজ্জিত, হিংসার কথা সর্বত্র, সারা বিশ্বের নানা দেশ যুদ্ধে লিপ্ত, আরও আরও ক্ষমতা দখলের নেশায় মত্ত, যখন সমাজে, দেশের ভেতর সমস্ত রাজনৈতিক অপর রাজনৈতিক দলের সঙ্গে যুদ্ধ করছে, একজন অন্যজনের সঙ্গে যুদ্ধ করে চলেছে নানাভাবে, এমনকি, নিজেই নিজের সঙ্গে ডুয়েল করে চলেছে প্রতিটি মুহূর্তে নানান কারণে, নানান বিষয়ে আর ক্রমশ বিষিয়ে যাচ্ছে দেহ, মন এমনকি সমস্ত অস্তিত্বটিও, তখন নিশ্চয়ই মনে হয়, আমরাই তো সেই ক্লান্ত সৈনিক, যারা মন থেকে যুদ্ধ চাই না, শান্তি চাই – যে শান্তি দুর্লভ, কিন্তু যে শান্তির ছায়ার তলায় বসে জিরোনো যায়, আবার বুক ভরে শ্বাস নিয়ে বাঁচার স্বপ্ন দেখা যায় – এবং চাই এই কবিতার সৈনিকের মতো কিছু সহজ ইচ্ছে: খেতের আলপথ ধরে হাঁটা, ফিরে আসা নিজের শৈশব, ভিটেমাটি, নারী ও শিশুটির কাছে।

আপাতত এটুকুই। তারাপদ রায় তাঁর জীবদ্দশায় এই যে এত কবিতা লিখেছেন, তাতে সারল্য ছিল ঠিকই, কিন্তু আড়ম্বর বা বাগাড়ম্বর কোনওটাই ছিল না। তিনি নিরাভরণ করে রাখলেও, তাঁর কবিতার ঔজ্জ্বল্য বা গুরুত্ব কোনওটাই ম্লান তো হয়ইনি, বরং হয়েছে তাঁর সমসাময়িক কবিদের চাইতে অনেক বেশি সাবলীল ও স্বতন্ত্র। তাঁকে সচরাচর যে লঘুচালে কথা বলতে দেখে বা পড়ে আমরা অভ্যস্ত, তার বাইরেও যে এক অন্য তারাপদ, এক সংবেদনশীল ও ‘সিরিয়াস’ তারাপদ রয়েছেন, তারই অস্তিত্ব সন্ধান করার ইচ্ছে নিয়ে এই অতি অক্ষম ও স্বল্প দৈর্ঘ্যের প্রবন্ধটি লেখার চেষ্টা করা হল…

তারাপদ রায়ের কবিতা: কৌতুক, শ্লেষ ও দ্রাব্য ধূসরতা
▮ রাধাবল্লভ চক্রবর্তী

মন্তব্য

নাম

অনুবাদ,73,আত্মজীবনী,27,আর্ট-গ্যালারী,2,আলোকচিত্র,1,ই-বুক,7,ইচক দুয়েন্দে,23,ইশতেহার,2,উৎপলকুমার বসু,26,উপন্যাস,21,ঋত্বিক-ঘটক,21,কবিতা,357,কবিতায় কুড়িগ্রাম,7,কর্মকাণ্ড,18,কার্ল মার্ক্স,1,গল্প,92,গিন্সবার্গ,6,চার্লস বুকাওস্কি,40,ছড়া,1,জার্নাল,12,জীবনী,9,দশকথা,25,দিনলিপি,1,পাণ্ডুলিপি,11,পুনঃপ্রকাশ,26,পোয়েটিক ফিকশন,1,প্রতিবাদ,1,প্রতিষ্ঠানবিরোধিতা,4,প্রবন্ধ,221,প্রিন্ট সংখ্যা,5,বই,3,বর্ষা সংখ্যা,1,বসন্ত,15,বিক্রয়বিভাগ,21,বিবিধ,3,বিবৃতি,1,বিশেষ,27,বুলেটিন,4,বৈশাখ,1,ভাষা-সিরিজ,5,ভিডিও,3,মাসুমুল আলম,35,মুক্তগদ্য,47,মে দিবস,1,যুগপূর্তি,6,রিভিউ,5,লকডাউন,2,শম্ভু রক্ষিত,2,শাহেদ শাফায়েত,25,শিশুতোষ,1,সন্দীপ দত্ত,14,সম্পাদকীয়,22,সাক্ষাৎকার,27,সৈয়দ ওয়ালীউল্লাহ,18,সৈয়দ রিয়াজুর রশীদ,55,সৈয়দ সাখাওয়াৎ,33,স্মৃতিকথা,15,হেমন্ত,1,
ltr
item
বিন্দু | লিটল ম্যাগাজিন: তারাপদ রায়ের কবিতা: কৌতুক, শ্লেষ ও দ্রাব্য ধূসরতা • রাধাবল্লভ চক্রবর্ত্তী
তারাপদ রায়ের কবিতা: কৌতুক, শ্লেষ ও দ্রাব্য ধূসরতা • রাধাবল্লভ চক্রবর্ত্তী
তারাপদ রায়ের কবিতায় কৌতুক, শ্লেষ, ব্যঙ্গ ও করুণরসের অন্তর্লীন বোধ, জীবনানন্দের প্রভাব এবং যুদ্ধ ও জীবনের ধূসরতা নিয়ে বিশ্লেষণ।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgos81_AqZ2OPZLlDQyWb4uUylp3VXD1t0CpY_9nmTn_QviRS5IkZY_DOGm8F-s1dpp_DQvmKIdrWI88L0mM_P4rjIw0ld4MTgsYjKHGX8rNJFUQZL3rZMIavVlbyQtK1mPscWQHHipKSoxGWUQmiVXQo8Rzl09mKPhwQqCpnw5qyDfNa-W8CDKptl-uEc/s1600/%E0%A6%95%E0%A6%AC%E0%A6%BF%20%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A6%20%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%9B%E0%A6%AC%E0%A6%BF.png
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgos81_AqZ2OPZLlDQyWb4uUylp3VXD1t0CpY_9nmTn_QviRS5IkZY_DOGm8F-s1dpp_DQvmKIdrWI88L0mM_P4rjIw0ld4MTgsYjKHGX8rNJFUQZL3rZMIavVlbyQtK1mPscWQHHipKSoxGWUQmiVXQo8Rzl09mKPhwQqCpnw5qyDfNa-W8CDKptl-uEc/s72-c/%E0%A6%95%E0%A6%AC%E0%A6%BF%20%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A6%20%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%9B%E0%A6%AC%E0%A6%BF.png
বিন্দু | লিটল ম্যাগাজিন
https://www.bindumag.com/2026/11/tarapada-roy-article.html
https://www.bindumag.com/
https://www.bindumag.com/
https://www.bindumag.com/2026/11/tarapada-roy-article.html
true
121332834233322352
UTF-8
Loaded All Posts Not found any posts আরো Readmore উত্তর Cancel reply মুছুন By নী PAGES POSTS আরো এই লেখাগুলিও পড়ুন... বিষয় ARCHIVE SEARCH সব লেখা কোন রচনায় খুঁজে পাওয়া গেল না নীড় Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy