চার্লস বুকোওস্কি (১৯২০-১৯৯৪) জার্মান বংশোদ্ভূত মার্কিন কবি ও ঔপন্যাসিক একটি নাম যা একাধারে দারিদ্র্য, নগর-জীবন, মদ, যৌনতা ও বিষণ্নতার একটি কঠোর অথচ মানবিক বিবরণ দিয়ে গড়ে তুলেছে সাহিত্যের এক অপ্রথাগত ধারা। তার লেখায় যৌনতা শুধুই কামনাবাসনার রসদ নয় বরং এটি এক সামাজিক, মানসিক ও অস্তিত্ববাদী ট্রমার প্রকাশ। যৌনতা তার কলমে, লজ্জার নয় চরম বাস্তবতার এক নিষ্ঠুর, কোমল, প্রয়োগ।
বুকোওস্কির যৌনতা পর্নোগ্রাফি না জীবনানুভব?
চার্লস বুকোওস্কির লেখায় যৌনতা এতটাই অনিবার্যভাবে উপস্থিত যে বহু পাঠক, সমালোচক এমনকি প্রকাশকরাও প্রশ্ন তুলেছেন—তার সাহিত্য কি কেবল অশ্লীলতা আর যৌন কল্পনার ওপর দাঁড়ানো? কিন্তু এই অভিযোগ যথেষ্ট সরলীকরণ। বুকোওস্কি নিজেই বলেছিলেন,
Sex is kicking death in the ass while singing.(The Captain is Out to Lunch and the Sailors Have Taken Over the Ship, 1998)
এই উক্তিতে যৌনতা শুধুই দৈহিক ব্যাপার না, বরং একপ্রকার অস্তিত্ববাদী বিদ্রোহ। মৃত্যু ও অস্থিরতার বিরুদ্ধে জীবনের জয়যাত্রা।
বুকোওস্কির উপন্যাস Women (1978), তার অন্যতম আলোচিত ও সমালোচিত কাজ, যেখানে যৌনতা উপন্যাসের কাঠামোতেই কেন্দ্রীয়। প্রোটাগনিস্ট হেনরি চিনাস্কি—যে আদতে বুকোওস্কির আত্মপ্রতিচ্ছবি—নারীদের সঙ্গে অবিরাম যৌন সম্পর্ক গড়ে তোলে। কিন্তু এসব সম্পর্কের মধ্যে সম্পর্কবিনষ্ট, অবসাদ, এবং আত্মপরিচয়ের সংকট ক্রমাগত ভেসে ওঠে।
যৌনতা ও পুরুষতান্ত্রিক সংকট
বুকোওস্কির লেখায় নারী চরিত্র প্রায়শই যৌন বস্তু হয়ে ওঠে—এ নিয়ে তীব্র সমালোচনাও আছে। ফেমিনিস্ট লেখিকা ক্যাথরিন হ্যারিসন লিখেছেন,
Bukowski’s women are often fleshed out through how they are fucked, not who they are.(The New Republic, 1999)
এ কথার সত্যতা অস্বীকার করা যায় না। অনেক নারীপাঠক বুকোওস্কিকে একধরনের “literary misogynist” হিসেবে দেখেন। তার কবিতাগুলোতে যেমন:
I loved you like a man loves a woman he never touches, only writes to, keeps little photographs of.(Love is a Dog From Hell, 1977)
এই রকম পংক্তিতে পুরুষ প্রেমাবেগ, যৌন আকাঙ্ক্ষা আর দূরত্ব এক মিশ্র সুর তৈরি করে। এখানে প্রেম ও কামনা একে অপরকে গ্রাস করে। তবে বুকোওস্কি তার নারীচরিত্রদের শুধু যৌন বস্তুর মতোই দেখাননি। তার লেখায় নারী কখনো হয় স্বাধীন, নির্লজ্জ, তীব্র ও নিয়ন্ত্রণকারী। যেমন Post Office (1971)-এ হেনরি চিনাস্কির প্রাক্তন স্ত্রী বেটি—যার যৌনতা, কর্তৃত্ব ও আত্মবিশ্বাস চিনাস্কির পরাজয় প্রকাশ করে। বুকোওস্কি এইসব নারীচরিত্রদের “দোষ” দেখান, কিন্তু নায়কের মতো করে। তারা নিছক শিকার নয়।
লিখনশৈলী ও যৌনতার কাব্যিক অভিব্যক্তি
বুকোওস্কির কবিতা, গদ্য, এমনকি তার চিঠিপত্রেও যৌনতা একধরনের নান্দনিক কাঠামো সৃষ্টি করে। যৌনতা তার লেখায় কখনো কর্কশ, কখনো অবসাদগ্রস্ত, কখনো ক্লান্ত, আবার কখনো আনন্দময়।
“She’s mad but she’s magic. There’s no lie in her fire.”( Love is a Dog From Hell).
এই পংক্তিতে দেখা যায়, নারী ও যৌনতা তার লেখায় একধরনের রহস্যময় তাপ, যা প্রেম, উন্মাদনা ও জীবনবোধের প্রতীক হয়ে ওঠে।তার ভাষা সহজ, সরল, খোলা—কোনো অলংকারের ঘনত্ব নেই। এই নগ্নতার মধ্যে একরকম পরাবাস্তব যৌনতা লুকিয়ে থাকে—যেটা পাঠককে ধাক্কা দেয়, অস্বস্তি দেয়, আবার মুক্তিও দেয়।
অস্তিত্ববাদ ও যৌনতার মিলনবিন্দু
চার্লস বুকোওস্কি তার যৌন লেখায় মানব অস্তিত্বের শূন্যতা, ক্লান্তি ও মৃত্যুর বিপরীতে জীবনধারণের প্রচেষ্টা তুলে ধরেছেন। Factotum (1975)-এ তিনি লেখেন,
If you're going to try, go all the way. Otherwise, don't even start.
যৌনতা, তার লেখায়, একপ্রকার ‘going all the way’ একটা ক্ষণিক মুক্তির রাস্তা, আত্মহীনতার বিরুদ্ধে এক নিঃশব্দ আর্তনাদ। কাম তার কাছে পাপ না, তা একজিস্টেন্সিয়াল ও আত্মগত।
বুকোওস্কি যে লস অ্যাঞ্জেলেসের নিম্নবর্গের মানুষদের নিয়ে লেখেন, সেখানে যৌনতা অনেক সময় নেশা, বেঁচে থাকার পুঁজি, কখনোবা দারিদ্র্যের বিরুদ্ধে প্রতিশোধ।
বিতর্ক ও উত্তরাধিকার
চার্লস বুকোওস্কির যৌনতা নিয়ে বিতর্ক বহুদিনের। কেউ বলেন, তিনি সাহসী, অনাড়ম্বর, সরল; আবার কেউ বলেন, তিনি নারীবিদ্বেষী, অতিরিক্ত স্বেচ্ছাচারী। কিন্তু একথা অস্বীকার করা যায় না—তার লেখায় যৌনতা আছে বলেই, তা নিখাঁদ মানবিক।
সমালোচক নীল্স বার্নার মন্তব্য করেছেন,
Bukowski doesn't write about sex for arousal, but to show how desperately human we are when we're stripped down.(Dirty Realism and the Modern American Novel, 2004)
এটাই বুকোওস্কির মূল বক্তব্য। তিনি যৌনতার বর্ণনা দেন, কারণ মানুষ সে জায়গাতেই সবচেয়ে কম মুখোশ পরা থাকে।
শেষে বলি চার্লস বুকোওস্কির যৌনতা কখনো প্রেমিকের ভাষা, কখনো হেরে যাওয়া এক পুরুষের আত্মস্বীকার, আবার কখনো জীবন ও মৃত্যুর মাঝখানে একটি জোরালো ধ্বনি। তার সাহিত্য শুদ্ধতাবাদী পাঠকের জন্য নয়; বরং যারা জীবনের নোংরামি, ক্লান্তি, কামনা ও ভয়কে একসাথে নিয়ে এগোতে চায় তাদের জন্য।
যৌনতা বুকোওস্কির লেখায় কোনো ছদ্মবেশী প্রেম বা নরম আবেগ না বরং সেটাই তার কবিতা ও গদ্যের প্রাণরস। এই সাহসী স্বীকারোক্তিগুলোর মধ্যেই চার্লস বুকোওস্কি আমাদের শেখান যৌনতা লজ্জার না, বরং সাহিত্যের নির্লজ্জ সত্য।
রেফারেন্সসমূহ:
- Bukowski, Charles. Women. Black Sparrow Press, 1978.
- Bukowski, Charles. Love is a Dog from Hell. Black Sparrow Press, 1977.
- Bukowski, Charles. Factotum. Black Sparrow Press, 1975.
- Niels Berners. Dirty Realism and the Modern American Novel. Routledge, 2004.
- Harrison, Kathryn. “Sex, Lies, and Bukowski.” The New Republic, 1999.
- Bukowski, Charles. The Captain is Out to Lunch and the Sailors Have Taken Over the Ship. Ecco, 1998.
চার্লস বুকোওস্কির লেখায় যৌনতা: নগ্ন বাস্তবতার সৌন্দর্য ও বিতর্ক
সিয়াম আল জাকি
সিয়াম আল জাকি




মন্তব্য