এবং চাঁদ এবং তারাগুচ্ছ এবং দুনিয়া
মূল: And moon and stars and the world.
রাত্তিরে লম্বাচওড়া হাঁটা দিয়ে আসা-
আত্মায় আরামের প্রলেপ লাগিয়ে দেয়:
জানলায় উঁকি দিলেই
প্রায় কাবু হওয়া বৌদের দেখা যায়
যারা তখনও মদ্যপ স্বামীদের
মারের জবাব দিচ্ছে।
আমি তো ভালা না
মূল: I am no good.
সে আমাকে লিখেছে সে এখন
উদ্বাস্তু।
দুনিয়ার কী লীলা, ভাবছি
এই মহিলা টাকার উপর ঘুমাতো
গোটা কোম্পানির বাঘা কর্ত্রী সে
থাকে হলিউড হিলসে,
যে হাঁকায় চোখধাঁধানো দামী গাড়ি
আর বিছানায় ডাকে নেশায় বুঁদ
গা ঘিনঘিন করা আমাকে,
এই মহিলার ছিল নিজের অফিস
নিজের বেতনভুক কর্মচারীরা
তার অফিস চালায়,
সারাদুনিয়ার এমাথা ওমাথা
ঘুরে বেড়িয়েছে সে,
সে গানবাজনার সাচ্চা প্রতিভাভগুলো
খুঁজে বের করতো
তাদের ক্যারিয়ার তুলে দিতো
সমাজের হোমড়াচোমরা তারকারা
তার আমন্ত্রণে হুমড়ি খেয়ে পড়তো
সে নিজেই এখন গৃহহীন ফেউ।
এ আমার এখন গা সওয়া ব্যাপার-
আমায় এভাবে লেখে,
বলে কী- আমার এখন খারাপও লাগে না।
সে আমাকে চিঠি লেখে দুইপাতা জুড়ে।
আমি তা পড়ি, ভাঁজ করি, ড্রয়ারে রাখি
উত্তর দিই না।
আমি একদম জিন্দেগির মত ঠাণ্ডা।
এ যদি ওকে পেরেশান না করে
তাহলে আমিও পুছি না।
আমি শরীর ফিট রাখার জন্য
সাইকেল নিয়ে বেরুই
কসরত করি
আর ওয়েগনারের গান শুনি।
আমি নিশ্চিত
আমার কথাও সে এভাবেই ভাবতো।
যে রাতে আমি মারা যাচ্ছিলাম
মূল: The night I was going to die.
যে রাতে আমি মারা যাচ্ছিলাম
বিছানার উপর ঘামছিলাম আমি
ঝিঁঝিপোকার কিটকিট শুনতে পাচ্ছিলাম
এবং বাইরে বিড়াল মারামারি করছিল
আমার মনে হচ্ছিল আমার আত্মা ম্যাট্রেস ফুঁড়ে
নিচে পড়ছিল
আত্মা সম্পূর্ণ মেঝেতে গড়িয়ে পড়ার আগেই
আমি ধড়ফড়িয়ে উঠে বসি
এতোটাই নাজেহাল ছিলাম যে হাঁটার শক্তি ছিল না
তা-ও পড়িমরি কয়েক কদম হাঁটি
ঘরের বাতিগুলি জ্বালিয়ে দিই
খানিক বাদে আবার বিছানায় গা এলাই
আবার একই জিনিস ঘটতে থাকে
আমি আবার উঠে বসি
লাইটগুলি ফের জ্বালিয়ে দিই
আমার সাত বছরের একটা বাচ্চা মেয়ে আছে
সে নিশ্চয়ই চায় না তার বাবাটা মরে যাক
না হয় চোখ বুঁজে ফেলা
তেমন কোন ব্যাপার ছিল না
সেই রাতে কেউ একটা ফোন করেনি আমায়
কেউ এক কৌটা বিয়ার নিয়ে আসেনি
আমার নারীবন্ধুটিও একবার ফোন করেনি
আর কিচ্ছু না কেবল শুনি ঝিঁঝিপোকার আওয়াজ
আর প্রচণ্ড গরম লাগছিল আমার
আমি আপ্রাণ যুজে যাচ্ছিলাম
এই বসছি তো আবার উঠে দাঁড়াচ্ছি
যতক্ষণ না গাছগাছালির ভিতর দিয়ে
জানলা গলিয়ে ঘরে একচিলতে রোদ আসে
বিছানায় এলিয়ে পড়লাম ফের
আমার প্রাণ এবার স্থির হলো
আমাকে ছেড়ে গেল না সে
আমিও ঘুমিয়ে পড়লাম
এবার লোকজন আসা শুরু করলো
আমার দরজায় জানলায় করাঘাত
করছে তারা- শুনতে পাই
ফোন আসা শুরু হয়
বারবার ফোন বাজতে থাকে
চিঠি আসতে থাকে ভালবাসাচোবানো চিঠি
আমাকে বিদ্রূপকরা চিঠি
সবকিছু আবার একই এইসব দিনরাত্রি।
প্রত্যেকের সঙ্গে একাকী
মূল: Alone with everybody.
গোস্ত হাড্ডি ঢেকে রাখে
ওরা ওখানে একটা প্রাণ রুজু করে
কী চাই তো একখানি অন্তরাত্মাও
বসিয়ে দেয়,
মহিলারা দেয়ালে ঠুকে জিনিসপত্র ভাঙে
আর বেটারা ঢকঢক করে মদ গেলে
প্রত্যেকেই আঁতিপাঁতি কিছু একটা খোঁজে
তন্নতন্ন করে বিছানাপত্রে তালাশ করে
কিন্তু কোথায় কী- ফক্কা ফক্কা
মাংস হাড় ঢেকে রাখে
মাংস মাংসের মধ্যেই মাংসের অধিক কিছু
খুঁজতে থাকে।
কিন্তু একটাই নিয়তির মধ্যে সবাই বান্ধা
যতোই মাথা কুটো তার অন্যথা হবে না।
কেউ-ই কোনদিন তা পায় না
যা সে খোঁজে।
শহর ভাগাড় ভরাট করে
ময়লার স্তূপে সব ভরে যায়
পাগলাগারদ উন্মাদে ভরা
গোরস্থান মড়দেহে ভরা
আর কোনকিছুই ভরা নয়।
নীলপাখি
মূল: Bluebird.
আমার বুকের খাঁচায় আছে নীলপাখি এক
সে বেশুমার বেরিয়ে যেতে পাখা ঝাপটায়
কিন্তু আমি যে ছাড়ার পাত্র নই
বড় এককাট্টা,
আমি বলি এখানেই আমার বুকের ভিতর
মিশে থাকো,
আমি চাই না অন্যকেউ তোমাকে দেখুক।
আমার বুকের ভিতরে এক নীলপাখি
বেজান ছিঁড়েফুঁড়ে বেরিয়ে যেতে চায়
আমি ওর উপর হুইস্কি ঢেলে দিই
ফুৎকারে ছুঁড়ে মারি সিগারেটের ধোঁয়া
কড়কড়ে নারীরা, পানশালার বারটেরন্ডার
কী মুদি দোকানের বেচনেওয়ালারা একদম বোঝে না
আমার বুকের ভিতর একটা নীলপাখি আছে।
যে খালি ছটফট করে
বুক ছেড়ে উড়ে যেতে মাথা কোটে
কিন্তু আমি যে ছাড়ার পাত্র নই-
চোখ রাঙিয়ে বলি এখানেই চুপটি করে
বসে থাকো,
আমাকে আউলাঝাউলা করাই কী তোমার মতলব?
আমার কাজকাম লাটে তুলতে চাও-
এমন করো না;
আমার বুকেই বরং লেপ্টে থাকো।
ইউরোপে আমার বই বিক্রির ঢেউ
তুমি কী তার বারোটা বাজাতে চাও?
আমার বুকের তল্লাটে আছে নীলপাখি এক
সে কেবলই বেরিয়ে যেতে পাখা ঝাপটায়।
আমি সেয়ানার উপর বড় সেয়ানা বজ্জাতের হাড্ডি
আমি ওকে একদম নিরলে রাত্তিরে
বুক থেকে মাঝেসাঝে বাইরে বেরুতে দিই
সবাই তখন ঘুমে কাই
ওকে বুঝিয়ে বলি- মন খারাপ করো না বাছা
এখানেই থাকো।
সে আমার ভিতরে খুঁড়িয়ে খুঁড়িয়ে একটু গান করে
তবুও ওকে আমি মরে যেতে দিই না
আমরা একসাথে ঘুমাই-
এটিই আমাদের গোপন চুক্তি
কাউকে কাঁদিয়ে ছাড়বার জন্য এটুকুই যথেষ্ট
কিন্তু আমি কাঁদি না- তুমি?
পাঁচটি কবিতা
চার্লস বুকোওস্কি
ভাষান্তর: বদরুজ্জামান আলমগীর
চার্লস বুকোওস্কি
ভাষান্তর: বদরুজ্জামান আলমগীর




মন্তব্য