.header-button .inner > span { font-size: 18px !important; } .header-button .inner i.fa { font-size: 40px !important; } .comment-form-message { background-color: #f4f4f4 !important; font-size: 14px !important; }

$type=ticker$count=12$cols=4$cate=0$sn=0$show=post

নীরব বিষের বীজ • মেহেদী ধ্রুব

নীরব বিষের বীজ • মেহেদী ধ্রুব
আনন্দবাজারের পশ্চিম আসমানে ঝুলে থাকে হাসান-হোসেনের রক্ত, আর সেই আকাশের নিচে এক অচেনা মানুষ ‘কবিতার রাজ্যে’ নামের মুখোশ পরে প্রতিদিন ফেসবুকে এমন সব শব্দ ছুড়ে দেয়, যা সমাজের নিস্তব্ধ জলে ক্ষণে ক্ষণে ঢেউ তোলে। কেউ তাকে সত্যের দূত ভাবে, কেউ ভাবে অশনিসংকেত। ভিপিএনের কল্যাণে তার অবস্থান দেখায় কখনো উত্তরের বরফঢাকা দেশে, কখনো সমুদ্রতীরের দূর নগরে, কখনো মরুভূমির প্রান্তে; অথচ তার প্রতিটি বাক্য আনন্দবাজারের অলিগলি এমন নিখুঁত চেনে, যেন সে রোজ এই শহরের বাতাসেই হেঁটে বেড়ায়।

আইনজীবী সাইদুল ইসলাম এই আইডির ওপর ভীষণ খেপে আছে। কিছুদিন আগে আইডিটা আদালতের আইনজীবীদের নিয়ে এক ব্যঙ্গ-লেখা দেয়, যা তার দীর্ঘদিনের পেশাগত অহংকারে গভীর আঁচড় কাটে; সামনে পেলে হয়তো আস্ত রাখত না সে। এখন অবশ্য সে কালো গাউন পরে কোর্টের দিকে হাঁটছে আর নিজের ছেলে-মেয়ের কথা ভাবছে। আনন্দমোড়ের পুরোনো বট, অশ্বত্থ আর কৃষ্ণচূড়া শহরের প্রতিদিনের কোলাহল নীরব সাক্ষীর মতো দেখে যায়।

ঠিক তখন এক হট্টগোলে সে থমকে দাঁড়ায়। ভিড়ের মাঝখান থেকে ভেসে আসে একটি বাক্য : “এই শালাই ‘কবিতার রাজ্যে’ আইডি চালায়!”
নামটা শুনেই সাইদুলের বুকের ভেতর জমে থাকা ক্ষোভ মাথা তোলে। আদালতে দেরি হওয়ার ভয় মুহূর্তে তুচ্ছ হয়ে যায়; সে ভাবে, ভাগ্য সহায় হলে আজ সেই অদৃশ্য লেখকের নাকে অন্তত একটা ঘুসি বসাতে পারবে।

ভিড় দুলছে, কেউ চিৎকার করছে, কেউ হাত উঁচিয়ে কিছু বোঝাতে চাইছে, কেউ ক্রোধের নেশায় নিজের কণ্ঠই চিনতে পারছে না। ভিড়ের কয়েকজন মোবাইল উঁচিয়ে ধরে আছে; কেউ কেউ সরাসরি ফেসবুকে লাইভ করছে। সাইদুল ফাঁক গলে কেন্দ্রে পৌঁছায় এবং জায়গায় জমে যায়: একটি ছেলেকে গাছের সঙ্গে বেঁধে পেটানো হচ্ছে, তার মুখ থেকে লালচে লালা ঝরছে। ছেলেটির চোখে চোখ পড়তেই সাইদুলের শরীরের সব শক্তি ঝরে পড়ে।
কারণ, সে চিনে ফেলে সেই মুখ, সেই রক্ত, বংশের শেষ প্রদীপ, নিজের সন্তানকে। ঘুসির জন্য মুঠো পাকানো হাতটা কাঁপতে কাঁপতে নিথর হয়ে যায়। পরক্ষণেই সে ছুটে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরে আর্তনাদ করে ওঠে, আর মুহূর্তের জন্য চারপাশের কোলাহল স্তব্ধ হয়ে যায় : “ভাই, আপনারা থামেন, এ আমার ছেলে রাশেদ হাসান!”
জনতার ক্রোধে মুহূর্তের জন্য ভাটা পড়ে, কিন্তু আগুন নেভে না; উলটো ফুলকি ওড়ে।
পরিচিত মুখ পশ্চিমপাড়ার দুলাল বলে, “আপনার ছেলে হইলে কী হইছে।”
অপরিচিত একজন বলে, “বাপেরে আগে ধরা দরকার, নাস্তিক জন্ম দেওয়ার হিসাবটা আগে লওয়া দরকার।”
সাইদুল কাকুতিমিনতি করে, দুই হাত ছড়িয়ে ছেলেকে আড়াল করে দাঁড়ায়। তার কালো গাউন সবসময় ন্যায়ের পক্ষে না থাকলেও আজ সেই গাউন ঢাল হয়ে দাঁড়ায়।

পুবপাড়ার সুলেমান সাইদুলকে চিনে থমকে দাঁড়ায়, উত্তরপাড়ার রফিকুল এগিয়ে আসে, সলিম চাচার আধাপাগল ছেলেটা রাশেদের নামে স্লোগান দিয়ে চেঁচায়; কিন্তু পেছনের ভিড় সামনের দিকে চাপ দেয়, আর চেনা মুখগুলো সেই চাপে একে একে হারিয়ে যায়।

আচমকা পুলিশের সাইরেন ভেসে আসে, মুহূর্তের মধ্যে পুলিশ এসে রাশেদকে নিজেদের হেফাজতে নেয়। কিন্তু ততক্ষণে পেছন থেকে ছুটে আসা এক আঘাতে সাইদুলের মাথা ফাটে, ঘাড় বেয়ে নামে উষ্ণ স্রোত।
পরিচিত এক এসআই তাকে হাসপাতালে যেতে বললে সাইদুল ছেলের দিকে তাকিয়ে কাঁপা গলায় বলে, “ভাই, আগে রাশেদকে হাসপাতালে নেন, ওর হাত ভেঙে গেছে।”
এসআই শান্ত গলায় বলে, “চিন্তা করবেন না ভাই, আমরা দেখছি।”
সুলেমান একটা রিকশা ডেকে সাইদুলকে সদর হাসপাতালের দিকে পাঠিয়ে দেয়। মাথার পেছনে হাত চেপে সাইদুল পকেটে মোবাইল খোঁজে; মোবাইল নেই, মানিব্যাগও নেই।
হাসপাতালে পৌঁছে সাইদুলের মাথার ক্ষত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেওয়া হয়। চিকিৎসা শেষে সে রাশেদের খোঁজ নিতে থাকে। জানতে পারে, তাকেও সদর হাসপাতালে আনা হয়েছে। কিন্তু ততক্ষণে হাসপাতালের ইমার্জেন্সির সামনে উত্তেজিত জনতার ভিড় জমেছে।

ইমার্জেন্সির পাশের কক্ষে রাশেদের ভাঙা হাতে কোনোমতে সাদা প্লাস্টার লাগানো হচ্ছে, এমন সময় উত্তেজিত জনতার একটা অংশ ইমার্জেন্সিতে ঢুকে ভাঙচুর শুরু করে। তাদের দাবি, এখানে রাশেদের চিকিৎসা চলবে না। পুলিশ কোনো ঝুঁকি নিতে চায় না; রাশেদকে গালাগাল দিয়ে জনতাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু জনতা মানে না। শেষে এসপি কয়েক গাড়ি ফোর্স নিয়ে এসে রাশেদকে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দেন।
খবর পেয়ে সাইদুলও থানায় যায়। হাজতে রাশেদের চোখ স্থির থাকে। মাঝে মাঝে সে রক্তাক্ত, ফোলা গলাটা শিকের দিকে বাড়িয়ে বাইরের পৃথিবী দেখার চেষ্টা করে, বুকভরে টেনে নেয় একটু খোলা হাওয়া।

লোহার শিকের ওপাশে দাঁড়িয়ে রাশেদের মা মিলি রহমান শাড়ির আঁচলে মুখ চেপে কাঁদে। সামনে দিয়ে কোনো পুলিশ গেলেই দুই হাত জোড় করে বলে, “আমার ছেলেকে কেন ধরে এনেছেন? ওকে ছেড়ে দেন, ওর খুব কষ্ট হচ্ছে, ও তো কোনো অন্যায় করেনি!”

একই আকুতি শুনতে শুনতে বিরক্ত এক পুলিশ কর্মকর্তা কর্কশ স্বরে বলে, “আপনার ছেলের ভাগ্য ভালো যে উত্তেজিত জনতা ওরে পিটায়া মাইরা ফেলায় নাই। ও যে বাইচ্চা আছে এতেই আলহামদুলিল্লাহ বলেন। আমরা ঠিক সময়ে উদ্ধার না করলে এতক্ষণে হয়তো কাফনের কাপড় কিনতেন!”

মিলির হুঁশ ফেরে। থানার বাইরে থেকে মিছিলের আওয়াজ আসছে। তার মনে হয়, এই শিকই ভালো; এই শিকই পারে জনতার হাত থেকে ছেলেকে বাঁচাতে। তবু সে দায়িত্বরত এক পুলিশের হাত চেপে ধরে অনুরোধ করে, রাশেদকে যেন কোনো নিরাপদ জায়গায় সরানো হয়। পুলিশটি শুধু অদ্ভুতভাবে মাথা নাড়ে।

তখন মিলির কাঁধে হাত রাখে সহকর্মী ইমরান হাসান। ইমরানের মামা ঢাকায় একটি মানবাধিকার সংগঠনে কাজ করে। ইমরান মিলিকে সান্ত¡না দিয়ে একটু সরে গিয়ে মামার সঙ্গে ফোনে কথা বলে, তারপর দৃঢ় পায়ে ওসির কক্ষে ঢোকে।

এই সময় ভিড়ের ভেতর একটি চেনা অবয়ব মিলির চোখে পড়ে, কুয়াশাঢাকা ভোরে দূরের গাছ যেমন হঠাৎ স্পষ্ট হয়ে ওঠে। পরমুহূর্তে সাইদুলের মাথায় সাদা ব্যান্ডেজ দেখে মিলির বুকে আটকে থাকা কান্না ভেঙে পড়ে। সে একের পর এক প্রশ্ন ছোড়ে : মাথায় কী হয়েছে? এমন বিধ্বস্ত লাগছে কেন? এতক্ষণ কোথায় ছিলে? ফোন বন্ধ কেন?

সাইদুল নীরব। তার চোখ আটকে থাকে ওসির কক্ষ থেকে বেরিয়ে আসা ইমরানের ডান হাতে। এই হাতটাই না মিলির কাঁধে ছিল? ওর কাজ কী এখানে?

প্রশ্নগুলো তার ভেতরে কিছুক্ষণ ফুঁসে, তারপর ঝগড়া হয়ে ফেটে পড়ে। ঝগড়া চরমে উঠলে ইমরান নীরবে সরে পড়ে, আর সাইদুলের পরিচিত এসআই এসে বলে, “সাইদুল ভাই, কী শুরু করেছেন? এমন শরীর নিয়ে কেউ ঝগড়া করে? রাশেদের এই অবস্থা আর এইদিকে আপনারা ঝগড়া করেন? আর ভাবি, আপনি তো একটু চুপ থাকতে পারেন।”

এসআইয়ের ওষুধে কাজ হয়, সব নীরব হয়ে যায়। কিন্তু রাশেদের ব্যাপারে কেউ কিছু বলতে পারে না; মিলি আর সাইদুলকে বাসায় চলে যেতে বলা হয়।
ফেইসবুক লাইভের কল্যাণে রাশেদের ঘটনা ততক্ষণে সারা দেশে ছড়িয়ে পড়ে। কমেন্টে মানুষের মিশ্র প্রতিক্রিয়া: কেউ বলে ‘সাহসী কণ্ঠ’, কেউ বলে ‘নাস্তিক’, কেউ বলে ‘শাহাবাগী’। কেউ রাশেদের নিজের প্রোফাইল থেকে কবিতার স্ক্রিনশট তুলে দিয়ে লেখে, ‘নাম বদলাইলেই কি হাত বদলায়?’ 
রাশেদের নিজের কবিতা আর ‘কবিতার রাজ্যে’র লেখার মধ্যে কোনো মিল আছে কি না, তা কেউ খতিয়ে দেখে না। টিভির পর্দায় ভাসে থানার সামনের ভিড়। সাইদুল আর মিলি বুঝতে পারে, ব্যাপারটা আর স্থানীয় পর্যায়ে নেই; জাতীয় তো বটেই, আন্তর্জাতিক পর্যায়েও চলে যেতে পারে।
থানার সামনের ভিড় একসময় পাতলা হয়। গভীর রাতে সাইদুল আর মিলি বাসায় ফেরে। সিঁড়ির দেওয়ালে, তাদের দরজার ঠিক পাশে, চক দিয়ে কেউ লিখে রেখে যায়: ‘নাস্তিকের বাসা’। 
সাইদুল হাতের তালু দিয়ে ঘষে ঘষে মোছে; অক্ষরগুলো ঝাপসা হয়, কিন্তু পুরো মোছে না।
বাসায় কবরের নীরবতা। একটা ঘরে আলো জ্বলছে; ড্রয়িং, ডাইনিং, কিচেন অন্ধকারে চাপা। তেলাপোকা আর তেলাপোকা, দেওয়াল ঘেঁষে, আলমারির ফাঁকে, রান্নাঘরের সিঙ্কের ওপরে। একটা টিকটিকি দেওয়ালে আটকে থাকা মরা পোকাটা ধরার চেষ্টা করছে, কিন্তু পোকাটা আঠার মতো লেগে আছে; টিকটিকির জিভ বের হয়, পিছিয়ে আসে, আবার চেষ্টা করে।

সাইদুল দেয়ালের দিকে তাকিয়ে থাকে। তার চোখের সামনে কিছু নেই, শুধু টিকটিকির নড়াচড়া আর তেলাপোকার দল। মিলি চেয়ারে বসে গালে হাত দিয়ে মেঝের দিকে তাকিয়ে থাকে। সেখানেও তেলাপোকা, একটা আরেকটার পিঠে চড়ে মেঝেতে ছুটাছুটি করে, যেন উৎসব।

সাইদুল হঠাৎ চেঁচিয়ে ওঠে, “তোর মুখ দেখলে আমার গা জ্বলে যায় মিলি। তোর জন্যেই আমার ছেলে হাজতে। তুই যদি ওকে সামলাতে জানতি, আজ এই অবস্থা হতো না।”
পাশের ঘর থেকে নবম শ্রেণির মেয়ে ফারিয়া চিৎকার করে, “বাবা, চুপ করো, মানুষ শুনবে।”
ফারিয়ার গলায় কান্নার রং।
সাইদুল ঘরে ঢুকে ফারিয়াকে কষে এক চড় দেয়, “দিনদিন বেয়াদবি শিখতাছোস! তোর চলাফেরা আমার ভালো লাগে না ফারিয়া। তুইও হইছোস তোর মায়ের মতো। আনাসের সঙ্গে তোর কী? ওর সাথেই তুই স্কুলে যাওয়া-আসা করোস কেন?”
ফারিয়া দাঁত চেপে দাঁড়িয়ে কাঁপে, “বাবা, তোমাকে কতবার বলেছি, আনাস বড়ো চাচার নাতি, সম্পর্কে আমার ভাতিজা; আমরা একই ক্লাসে পড়ি।”
বাবা ঘর থেকে বেরোতেই ফারিয়া দরজা বন্ধ করে উপুড় হয়ে শুয়ে কাঁদতে থাকে। তখন মিলি সাইদুলের সামনে এসে দাঁড়ায়, “কেন মেয়েটার সাথে এমন করলে? ওর কী দোষ? ছেলেটা থানায়, ছেলের জামিন করাতে হবে, এইসব নিয়ে তোমার কোনো চিন্তা নেই? জানোয়ার কোথাকার!”
সাইদুলের মুখ লাল হয়ে যায়, “আমি জানোয়ার? আর তুই কী? ওই লম্বা ছেলের সাথে তোর কীসের মাখামাখি?”
মিলি চিৎকার করে, “আমি তোমাকে ফোন করেছি রাশেদের বাবা। তোমার ফোন বন্ধ ছিল, আমার মাথা কাজ করছিল না। ইমরানের বাসা থানার পাশেই। ওর মামা ঢাকায় মানবাধিকার নিয়ে কাজ করেন, তাঁর সাথে কথা বলেই ও ওসির কাছে গেছে। ইমরান আমাকে বড়ো বোনের মতো শ্রদ্ধা করে, অথচ তুমি...”
সাইদুল থামে না, “এত নাটক করিস না, সব জানি, সব।”
মিলি এবার ঝাঁপিয়ে পড়ে, “আমার মুখ ছুটায়ো না সাইদুল! তুমি সারাদিন ফোন টেপো কেন? জুনিয়র হিসেবে সুইটিকে রেখেছো কেন? কোনো ছেলে উকিল ছিল না? রাতবিরেতে দেখি সুইটির সাথে কথা বলো, কই, আমি তো কিছু বলি না। আমাকে দেখলেই যে ফোনের লাইট অফ করে দাও, তা আমার চোখ এড়ায়নি। তোমার মনে শয়তানি, তাই আমাকেও তোমার মতো ভাবো।”
সাইদুল বলে, “তুই আমারে সন্দেহ করিস?”
মিলি বলে, “তুমি আগে করেছো।”
এই সময় দরজায় কড়া নাড়ে বাড়িওয়ালা, “কী হইছে সাইদুল ভাই?”
“না, তেমন কিছু না।”
বাড়িওয়ালা সাইদুলের মাথার ব্যান্ডেজের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর শান্ত গলায় বলে, “সবাই বলাবলি করতাছে, আপনার ছেলে নাকি নাস্তিক, ফেসবুকে কীসব লেখালেখি করে। সন্ধ্যা থেইকা সিঁড়িতে কারা জানি ঘোরাফেরা করতাছে। আমার বাড়িতে আমি ঝামেলা চাই না।”
“ভাই, কী বলছেন, রাশেদ নাস্তিক হতে যাবে কেন? ও তো কবিতা লেখে, ফেসবুকে নিজের নামেই দেয়; ওইসব লেখে না।”
“চেহারা দেইখা তো বোঝা যায় না, কার মনে কী আছে!”
“ঠিক বলছেন ভাই।”
বাড়িওয়ালা আবারও ব্যান্ডেজটা পরখ করে গম্ভীর গলায় বলে, “কানাডা থেইকা আমার মেয়ে আসতাছে, আমার বাসা দরকার। সামনের মাসে বাসা খালি কইরা দিয়েন।”
“ভাই, কী বলেন এসব? এই মুহূর্তে বাসা ছাড়লে কোথায় যাব আমরা? মাসের আছে সাত দিন, এই সময়ে কি বাসা পাব?”
“আরে পাইবেন, পাইবেন, একটু খুঁজলেই পাইবেন।”
মিলি মেঝেতে বসে আঙুল দিয়ে আঁকিবুঁকি কাটে। সাইদুল বাড়িওয়ালার থ্যাবড়ানো ঠোঁটে লেগে থাকা সবুজ পানের কথা ভাবে আর জুতা দিয়ে পিটিয়ে পিটিয়ে তেলাপোকা মারে। অদ্ভুত এই তেলাপোকা, যতই মারো, শেষ হয় না।

এদিকে ফারিয়া দরজা খোলে না, বিছানা থেকে মুখ তোলে না। তার আদরের বিড়াল মিনি কোল ঘেঁষে শুয়ে থাকে, মাঝে মাঝে খসখসে জিভ দিয়ে তার ভেজা গাল চাটে। দুই বছর আগে বৃষ্টির রাতে ড্রেনের পাশ থেকে বাচ্চাটাকে তুলে আনে ফারিয়া; বাবা ফেলে দিতে চায়, ভাইয়া লুকিয়ে দুধ কিনে আনে। সেই থেকে এই বাসায় ফারিয়ার কথা শোনার মতো একজনই আছে, মিনি। ফারিয়া ভাবে, এই বিড়ালটা না থাকলে হয়তো সে অনেক আগেই দম বন্ধ হয়ে মরে যেত।

মিনিও ফারিয়ার মতো। সে তেলাপোকা ধরতে চায়, পারে না; ফারিয়া বাবার কথা থেকে বাঁচতে চায়, পারে না। রাশেদ ভাইয়াও কি পারে? বাবার চড়-থাপ্পড়, কথা, তারপর গণপিটুনি, সন্দেহ! মা ফোনে বলছিল, “তোর ভাইয়ার হাত ভেঙে গেছে।”
ফারিয়ার মাথায় পুরোনো দৃশ্যগুলো ভেসে ওঠে। বাবা চিৎকার করে মাকে বলত, “তোর ছেলে নষ্ট হয়ে গেছে! সিগারেট খায়, খারাপ পোলাপানের সাথে ঘোরে!”

মা চুপ করে থাকত, মাঝে মাঝে কাঁদত। রাশেদ ভাইয়া মাথা নিচু করে দাঁড়িয়ে থাকত। অথচ ফারিয়া জানে, ভাইয়া কতটা মেধাবী; ভার্সিটিতে পড়ে, সবসময় বইয়ে ডুবে থাকে। রাতে টেবিল-ল্যাম্পের আলোয় ভাইয়া একটা নীল মলাটের খাতায় কবিতা লিখত, আর বাবার ভয়ে খাতাটা লুকিয়ে রাখত ফারিয়ার আলমারিতে, তার স্কুলের বইয়ের নিচে। এই খাতার কথা শুধু ফারিয়া জানে।

ফারিয়া ক্লাস নাইনে পড়ে, কিন্তু তার জীবনটা কোনো ক্লাসের মধ্যেই পড়ে না। কোনোদিন সে স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে যেতে পারে না; বন্ধুরা ছবি তোলে, গল্প করে। বিয়ের অনুষ্ঠান, গায়ে হলুদ, কোথাও যাওয়ার অনুমতি নেই। একবার খুব করে যেতে চাইল মামাতো বোনের বিয়েতে; বাবা বলে, “মেয়ে মানুষের বিয়ে বাড়িতে মানায় না।”
তারপর একটা থাপ্পড়, আর সব ইচ্ছা চুপ হয়ে যায়।
ঘটনার পরদিন রাশেদকে আদালতে হাজির করা হয়। সেখান থেকে মামলার প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর ব্যাপারটা কোথায় গিয়ে ঠেকে, কেউ জানে না।

দুশ্চিন্তা, সন্দেহ আর ঝগড়ার সঙ্গে যুক্ত হয় নতুন বাসা খোঁজার ঝামেলা। প্রতিদিনের পায়চারি শেষে কোথাও বাসা না পেয়ে শেষ পর্যন্ত এক চিলেকোঠা ভাড়া নেয় তারা।

হঠাৎ খবর আসে, ১ তারিখ নতুন মামলায় রাশেদকে আবার আদালতে তোলা হবে; অথচ ১ তারিখেই বাসা বদলের কথা। সাইদুল আর মিলি ঠিক করে, তারা দুজন কোর্টে যাবে, ফারিয়া যতদূর পারে জিনিসপত্র গুছিয়ে রাখবে; তারা ফিরলে ভ্যানওয়ালারা মালামাল নামাবে।

১ তারিখ সকালে সিঁড়ি দিয়ে নামার সময় মিলি দেখে, গলির মুখের চায়ের দোকানে দুটো ছেলে বসে আছে। তাদের একজন মুখ তুলে দোতলার জানালার দিকে তাকায়। থানার সামনের ভিড়ে কি এই মুখটাই ছিল না? আগের রাতের সিঁড়িতে ঘোরাফেরা করা লোকগুলোর কথা মনে পড়ে তার। কোর্টের তাড়ায় প্রশ্নগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে।
সকাল সাড়ে দশটায় মিলি আর সাইদুল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্টের সামনে দাঁড়িয়ে থাকে। রাশেদকে ১১টার দিকে তোলা হবে। মিলির ফোন কাঁপছে; বাসা থেকে ফারিয়া বারবার কল দিচ্ছে। “কী হয়েছে আবার?” মিলি বিরক্ত গলায় বলে। ওপাশে ফারিয়ার কান্নাজড়ানো গলা, “আম্মু, ভাইয়াকে এনেছে? আম্মু শোনো, নিচে...”
“বারবার ফোন দিস না, গোছগাছ করতে থাক।” মিলি রাগে ফোন কেটে দেয়।
সাইদুল পাশ থেকে দাঁত চেপে বলে, “এই মাইয়া আবার ফোন দিছে? মাথা খারাপ করে দিছে একেবারে।”
আবার মিলির ফোন বাজে; পর্দায় ইমরানের নাম। মিলি সাইদুলের দিকে তাকায়, ফোন ধরে না। ফোন থেমে আবার বাজে। সাইদুল কপাল কুঁচকে তাকায়।
“তোর লাংগের ফোন ধরোস না কেন?”
মিলি ঠোঁট কামড়ে চুপ করে থাকে। তৃতীয়বার ফোন এলে সে গলা নিচু করে বলে, “ইমরান, আমরা কোর্টে, রাশেদকে এখনই তুলবে, পরে কল করছি।”
ফোন কেটে দিতেই সাইদুল বিস্ফোরিত হয়, “কেন পরে কল করবি?”
মিলি এবার চুপ থাকে না, “ঢাকার উকিলের খবর দিতে ফোন করেছে। এই সময়েও তোমার সন্দেহ?”
“এই সময়েই তো সত্যি বের হয়,”সাইদুল গর্জে ওঠে।
চারপাশের কয়েকজন ফিরে তাকায়। সাইদুলের বন্ধু আইনজীবী শরীফুল এসে দুজনের মাঝখানে দাঁড়ায়, “এখানে না, সাইদুল।”
মিলি এক কোণে চুপ করে বসে পড়ে। তার মাথায় ঘুরতে থাকে রাশেদের ভাঙা হাত। সে এখন কীভাবে খাচ্ছে? কে তাকে পানি দিচ্ছে? টয়লেটে যাচ্ছে কীভাবে?

সাইদুল মাথায় ব্যান্ডেজ নিয়ে পাশেই দাঁড়িয়ে থাকে। নিজে আইনজীবী, অথচ ছেলের জামিন হবে কি না বুঝতে পারছে না। শরীফুলকে নিয়ে এই কদিন এদিক-ওদিক কত দৌড়াত, কোনো নিশ্চয়তা মিলত না।
শরীফুল মিলির পাশে এসে বলে, “চিন্তা করবেন না ভাবি, জামিন হয়ে যাবে।”
মিলি সামান্য ভরসা পায়, কিন্তু অভিজ্ঞ সাইদুলের চোখে অবিশ্বাস রয়ে যায়।
ঘড়িতে ১২টা বাজে। ভিড়ের ভেতর সাড়া পড়ে; কয়েকজন পুলিশ এগিয়ে আসছে, মাঝখানে রাশেদ। মাথায় হেলমেট পরানো, যেন সে কোনো ভয়ংকর অপরাধী। প্লাস্টার করা ডান হাতটা গলার সঙ্গে ঝুলছে। মুখটা ফ্যাকাশে, চোখ দুটো গভীর গর্তের মতো।
মিলি দৌড়ে সামনে যেতে চায়, পুলিশ ঠেলে সরিয়ে দেয়, “সরে যান।”

এজলাসের দরজায় ভিড় জমে যায়। সামনের পুলিশটা লোক সরাতে এক মুহূর্ত থামে, আর তখনই রাশেদ বাবার একেবারে পাশে এসে পড়ে। সাইদুল দেখে, ছেলের চোখ তার মাথার ব্যান্ডেজে আটকে আছে, টলটল করছে। সেই চোখে কোনো অভিযোগ নেই; শুধু ক্লান্তি আর একটা অব্যক্ত প্রশ্ন। হেলমেটের ভেতর থেকে ফিসফিস শব্দ আসে, “আব্বু, আমি কবিতা লিখি। ওইসব আমি লিখি নাই।” পরমুহূর্তে পুলিশ তাকে টেনে নিয়ে যায়।
এজলাসের ভেতর সব খুব দ্রুত ঘটে। শরীফুল কিছু বলে, বিচারক মাথা নিচু করে কাগজ দেখে। তারপর শুকনো গলায় ঘোষণা আসে: রাশেদকে নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো; জামিন নামঞ্জুর; তাকে কারাগারেই থাকতে হবে।
শব্দগুলো কিছুক্ষণ বাতাসে ঝুলে থাকে। মিলির কানে কিছুই ঠিকমতো ঢোকে না; তার সামনে শুধু ভাসে রাশেদের ভাঙা হাত। সে চিৎকার করে মাটিতে বসে পড়ে।

সাইদুলও স্থির থাকতে পারে না। তার চোখ ভিজে যায়, মুখ কান্নায় বেঁকে যায়; আইনজীবী হয়েও নিজের সন্তানের জামিন করাতে পারে না সে।
শরীফুল এসে বলে, “ভাবি, রাতারাতি সব পালটে গেছে, কিচ্ছু করার নেই। ঢাকার উকিল সকালের বাস ধরতে পারেননি; এলেও লাভ হতো না, বারের সব আইনজীবী দাঁড়ালেও না। রাশেদের ব্যাপারটা ওপর মহল থেকে ডিল করা হচ্ছে।”
তারপর শরীফুলের চেম্বারে বসে চলে নানা পরামর্শ : স্থানীয় এমপি, মন্ত্রীর কাছে যাওয়া যায় কি না, কার কাছে গেলে রাশেদকে বের করা যায়। এমন সময় শরীফুলের জুনিয়র মোবাইল হাতে ছুটে আসে, “স্যার, দেখেন, ‘কবিতার রাজ্যে’ বিশ মিনিট আগে নতুন পোস্ট দিছে!”
সাইদুল ফোনটা প্রায় কেড়ে নেয়। পোস্টে লেখা : “আনন্দবাজারে যে ছেলেটিকে গাছে বেঁধে পেটানো হলো, তার নাম আমি আজ প্রথম শুনলাম।”
পোস্টের নিচে মিনিটে মিনিটে কমেন্ট জমে। কেউ লেখে, ‘চ্যালারা চালাইতাছে’; কেউ লেখে, ‘পোলারে বাঁচানোর নাটক’।
শরীফুল দীর্ঘশ্বাস ফেলে, “এই পোস্ট দেখিয়েও এখন লাভ নেই রে সাইদুল। ফাইল একবার ওপরে উঠলে আর নামে না।”
সাইদুল কিছু বলে না। তার কানে বাজতে থাকে ছেলের ফিসফিসে গলা: আমি কবিতা লিখি। রাশেদ যে কবিতা লেখে, সেটা সে জানত; কিন্তু কী লেখে, কোনোদিন পড়ে দেখত না। সিগারেটের গন্ধ পেলে চড় মারত, দেরি করে ফিরলে চড় মারত, প্রশ্ন করলে বলত বেয়াদব।

ভিড়, ভ্যাপসা গরম, চিৎকার আর ধাক্কাধাক্কি পেরিয়ে বিকেলে ক্লান্ত শরীর নিয়ে বাসার সিঁড়ি বেয়ে ওঠে মিলি আর সাইদুল। দুজনের মুখে কথা নেই; চোখ লাল, মুখ শুকনো। রাশেদের জামিন হয় না, এই একটা কথাই তাদের শরীর পাথরের মতো ভারী করে রাখে।

দরজার পাশে চকের লেখাটা কেউ আবার নতুন করে লিখে রেখে যায়, এবার আরও বড়ো অক্ষরে। সাইদুল কলিংবেল চাপে। ভেতরে কোনো সাড়া নেই। আবার চাপে; না, সাড়া নেই, সুনসান নীরবতা। মিলি ফিসফিস করে বলে, “ফারিয়া তো বাসায়ই ছিল...”

আরেকবার বেল বাজে, এবারও সাড়া নেই। সাইদুল বিরক্ত হয়ে দরজায় ধাক্কা দেয়, আর দরজাটা আলগোছে খুলে যায়। মিলির বুকে মনকাঁটা বিঁধে যায়। অকারণ এক ভয় শরীর জুড়ে ছড়িয়ে পড়ে। কয়েকটা তেলাপোকা উড়ে দেয়ালের দিকে যায়। মাছির ভনভন শব্দ, একটা বদ্ধ, গুমোট গন্ধ।
ড্রয়িংরুমের মেঝেতে আধা-বাঁধা কয়েকটা কার্টন, পাশে প্লাস্টিকের দড়ির গোছা, কাঁচি, টেপের রোল। একটা কার্টনে অর্ধেক ভরা ফারিয়ার স্কুলের বই; ওপরের বইটা খোলা অবস্থায় উলটে আছে, যেন হাত থেকে হঠাৎ পড়ে যায়।

সাইদুলের মুখ ছোটে, “ফারিয়া! ওই ফারিয়া! দরজা খুলে রাখছোস কেন? মাইয়াটাও হইছে একেবারে মায়ের মতো...”
সাইদুলের গলায় বিরক্তি, ক্লান্তি আর সন্দেহ মিশে ভূতুড়ে শোনায়। মিলির কানে কিছুই ঢোকে না। তার শরীর ঠান্ডা হয়ে আসে, আঙুল কাঁপে।
অন্যদিন এই সময়টায় মিনি দৌড়ে আসে, মিউ মিউ করে পায়ের কাছে বাড়ি খায়, গা ঘষে। আজ কোনো শব্দ নেই, কোনো ছোঁয়া নেই।
“মিনি?” মিলি খুব নিচু গলায় ডাকে। সাড়া নেই।
মিলির বুকের ভেতর ধকধক করে। ভারী পায়ে সে ফারিয়ার ঘরের দিকে এগোয়। দরজা খোলা, বিছানা এলোমেলো, বালিশ মেঝেতে, আলমারির পাল্লা হাট করে খোলা। বালিশের পাশে পড়ে আছে নীল মলাটের একটা খাতা, খোলা। ফারিয়া নেই।
“সাইদুল...” মিলির গলা কেঁপে ওঠে।
সাইদুল তখনও ফুঁসছে, “এই মাইয়া আবার কোথায় গেল?” সে রান্নাঘরে যায়। রান্নাঘর ফাঁকা, চুলা ঠান্ডা, প্লেটে শুকনো ভাত।
মিলি বারান্দায় যায়। দড়িতে ঝোলানো কাপড়গুলো হালকা বাতাসে নড়ছে; কেউ নেই।
“ছাদে গেল নাকি?”
সাইদুল দৌড়ে সিঁড়ির দিকে যায়, কয়েক মিনিট পরে হাঁপাতে হাঁপাতে ফেরে, “নাই, কোথাও নাই।”
মিলির মাথায় তখন একটা কথাই ঘোরে। সকাল থেকে ফারিয়া বারবার ফোন করছিল। আম্মু শোনো, নিচে... বাক্যটা শেষ হওয়ার আগেই সে ফোন কেটে দেয়। গলির মুখে বসে থাকা ছেলেদুটোর মুখও মনে পড়ে। তারপর মেয়েটা আর ফোন দেয় না।
“ফারিয়া...”
সে আবার ডাকে, এবার গলায় কান্না মিশে যায়।
হঠাৎ তার চোখ পড়ে বাথরুমের দরজায়। দরজাটা আধখোলা, ভেতরে আলো জ্বলছে, মেঝেতে পানি। ভেতর থেকে আসছে রক্তের আঁশটে গন্ধ আর বদ্ধ বাতাসের ভাপ। মাছি ভনভন করছে।

মিলি পা টেনে এগোয়। দরজার সামনে এক মুহূর্ত থামে। এক সেকেন্ড, দুই সেকেন্ড; শরীর জমে যায়, চোখ বড়ো হয়ে ওঠে, ঠোঁট কাঁপে, কোনো শব্দ বের হয় না। তারপর সে ধপ করে মেঝেতে বসে পড়ে।
“কী হইছে?” সাইদুল দৌড়ে আসে, মিলিকে ধরে, তারপর ভেতরে উঁকি দেয়।

কমোডের ভেতর পড়ে আছে মিনি। ছোট্ট শরীরটা নিথর, মাথাটা থেঁতলানো, রক্ত জমে কালচে।
সাইদুল পিছিয়ে আসে, ধপ করে বসে পড়ে; মাথার পেছনটা গিয়ে লাগে দেওয়ালে। ব্যান্ডেজ চুইয়ে রক্ত নামে, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। ঠোঁট কাঁপে, গলা দিয়ে অস্ফুট শব্দ বের হয় : “ফারিয়া, মা আমার, তুই কই?”
কোনো উত্তর আসে না। শুধু মাছির ভনভন।
তখন দেয়াল বেয়ে একটা তেলাপোকা ধীরে ধীরে ওপরে উঠে যায়।

নীরব বিষের বীজ
▮ মেহেদী ধ্রুব

মন্তব্য

নাম

অনুবাদ,76,আত্মজীবনী,27,আর্ট-গ্যালারী,2,আলোকচিত্র,1,ই-বুক,7,ইচক দুয়েন্দে,23,ইশতেহার,2,উৎপলকুমার বসু,26,উপন্যাস,21,ঋত্বিক-ঘটক,21,কবিতা,358,কবিতায় কুড়িগ্রাম,7,কর্মকাণ্ড,19,কার্ল মার্ক্স,1,গল্প,93,গিন্সবার্গ,8,চার্লস বুকাওস্কি,40,ছড়া,1,জার্নাল,13,জীবনী,9,দশকথা,25,দিনলিপি,1,পাণ্ডুলিপি,11,পুনঃপ্রকাশ,29,পোয়েটিক ফিকশন,1,প্রতিবাদ,1,প্রতিষ্ঠানবিরোধিতা,4,প্রবন্ধ,226,প্রিন্ট সংখ্যা,5,বই,4,বর্ষা সংখ্যা,1,বসন্ত,15,বিক্রয়বিভাগ,21,বিবিধ,3,বিবৃতি,1,বিশেষ,27,বুলেটিন,4,বৈশাখ,1,ভাষা-সিরিজ,5,ভিডিও,3,মাসুমুল আলম,35,মুক্তগদ্য,47,মে দিবস,1,যুগপূর্তি,6,রিভিউ,5,লকডাউন,2,শম্ভু রক্ষিত,2,শাহেদ শাফায়েত,25,শিশুতোষ,1,সন্দীপ দত্ত,14,সম্পাদকীয়,22,সাক্ষাৎকার,28,সৈয়দ ওয়ালীউল্লাহ,18,সৈয়দ রিয়াজুর রশীদ,55,সৈয়দ সাখাওয়াৎ,33,স্মৃতিকথা,15,হেমন্ত,1,
ltr
item
বিন্দু | লিটল ম্যাগাজিন: নীরব বিষের বীজ • মেহেদী ধ্রুব
নীরব বিষের বীজ • মেহেদী ধ্রুব
নীরব বিষের বীজ মেহেদী ধ্রুবের সমকালীন বাংলা ছোটগল্প। গণপিটুনি, ধর্মীয় উন্মাদনা, সামাজিক বিদ্বেষ, পারিবারিক সহিংসতা ও বিচারহীনতার নির্মম আখ্যান।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgqzzXfu2014PVs0UNmSazIcDZRaBXK-ryUhI_yo2w4oKqq3vH4ZnMwWCX5e_iwKsZS7nhbXZsBgGeHgTbyAZ8XsbPbSx417qMEomAxYbsAeMQmZMOpMLODkS_-R_11fA2EmMAWZoQym__1i1g79_DQYxkWNHxllu074XByukvwBNkJQK-AJRScX1guJOc/s1600/%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B9%E0%A7%87%E0%A6%A6%E0%A7%80-%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%81%E0%A6%AC-%E0%A6%97%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%81-%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgqzzXfu2014PVs0UNmSazIcDZRaBXK-ryUhI_yo2w4oKqq3vH4ZnMwWCX5e_iwKsZS7nhbXZsBgGeHgTbyAZ8XsbPbSx417qMEomAxYbsAeMQmZMOpMLODkS_-R_11fA2EmMAWZoQym__1i1g79_DQYxkWNHxllu074XByukvwBNkJQK-AJRScX1guJOc/s72-c/%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B9%E0%A7%87%E0%A6%A6%E0%A7%80-%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%81%E0%A6%AC-%E0%A6%97%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%81-%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE.jpg
বিন্দু | লিটল ম্যাগাজিন
https://www.bindumag.com/2026/11/short-story-mahedi-dhrubo.html
https://www.bindumag.com/
https://www.bindumag.com/
https://www.bindumag.com/2026/11/short-story-mahedi-dhrubo.html
true
121332834233322352
UTF-8
Loaded All Posts Not found any posts আরো Readmore উত্তর Cancel reply মুছুন By নী PAGES POSTS আরো এই লেখাগুলিও পড়ুন... বিষয় ARCHIVE SEARCH সব লেখা কোন রচনায় খুঁজে পাওয়া গেল না নীড় Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy