১১.
‘পাণ্ডুলিপিরা কখনো পোড়ে না’ এমন একটি লাইন লিখে গেছেন বুলগাকভ। এই অমোঘ বাণীকে সত্য ভেবে সে পুড়িয়ে ফেলেছিল সমস্ত পাণ্ডুলিপি। পাণ্ডুলিপি তো পুড়েছেই, এমনকি ছাইগুলোও উড়ে গেছে বাতাসে। যেভাবে ছাই হয়ে ভেসে গিয়েও মনসুর আল হাল্লাজ বলেছিলেন, ‘আনাল হক’। টাইগ্রিসে কান পাতলে এখনো শোনা যাবে সেই প্রতিধ্বনি। প্রতিটি ঢেউ বলছে আনাল হক। সেই ঢেউয়ে চেপে পাণ্ডুলিপিগুলো পৌঁছে গিয়েছিল ব্যাবিলনের তীরে। হরিণের চামড়ায় মোড়া সেই পাণ্ডুলিপি পড়েছিল একদল রোমার হাতে। হাজার বছরের পুরোনো সে ভাষার কিছুই বোঝেনি তারা। তবুও সেটিই হয়ে উঠেছিল তাদের ধর্ম ও ধর্মগ্রন্থ। যাযাবর সেই রোমাদের উত্তরসূরিরা একদিন উদ্ধার করেছিল সে বইয়ের অর্থ। বিভিন্ন ভাষায় একটা কথায় লেখা ছিল তাতে, আনাল হক। তিন হাজার বছরের পুরোনো সেই ‘ধর্মগ্রন্থ’কে সেদিন পুড়িয়ে দিয়েছিল তারা। ভাসিয়ে দিয়েছিল সেই টাইগ্রিসে। ফের টাইগ্রিস থেকে আওয়াজ উঠল, আনাল হক। কেউ কেউ আরও গভীরে কান পেতে শুনেছিল, ‘পাণ্ডুলিপিরা কখনো পুড়ে না।’
১২.
অতঃপর তারা শুরু করল বিষণ্ণতার চাষাবাদ। প্রস্তরযুগের সবগুলো পর্যায় পেরিয়ে পৃথিবীতে লৌহযুগ আসি আসি করছে, মানুষ তখনই প্রথম আবিস্কার করল সে চাইলে বিষণ্নও হতে পারে। শুরু হলো বিষণ্নতা উদযাপন। বিষণ্নতাকে টিকিয়ে রাখতে মানুষ সৃষ্টি করল গান, নাচ, শিল্প-সাহিত্য, চিত্রকলা। সেসবের টানে দলে দলে সব মানুষ বিষণ্ণ হতে শুরু করল। সিয়েস্তা পেরিয়ে যাওয়া দুপুরগুলোতেই মানুষ সবচেয়ে বেশি বিষণ্ণ হতো। মানব সভ্যতার বিস্তারের সঙ্গে বিষণ্ণতাও ছড়িয়ে পড়তে থাকল। বিষণ্ণতার নানা ধরন ও রঙ আবিস্কার হতে থাকল। ক্যারোল দফ নামের এক প্রাচীন চিত্রশিল্পী প্রথমবারের মতো বিষণ্ণতার স্বীকৃতিস্বরূপ বেছে নিলেন মৃত্যুকে। এরপর সেই মৃত্যু ছড়িয়ে পড়ল মহামারি আকারে। শোনা যায়, ৭০ লাখ মানুষের প্রাণহানি হয়েছিল সেবার। দ্বিতীয় ধাপের বিষন্নতার যুগে মানুষ এতে অনেকটাই অভ্যস্ত হয়ে পড়েছিলো। বিপ্লবের সময়ে বিষণ্নতা নিয়ে ভিক্তর হুগো লিখলেন ঢাউস এক বই। যেখানে লেখা হলো, ‘সে এখন ঘুমিয়ে আছে, জীবনে কিছুই পাইনি যে।’ এরপর কেটে গেল আরও কিছু বছর। ফিওদর নামের এক ‘সাদ’ লিখলেন, ‘আমি লোকটা অসুস্থ, বদ একটা লোক।’ কাছাকাছি সময়ে গ্রেগর সামসার গল্প শোনালেন কাফকা নামের জার্মান ভদ্রলোক। আর অখ্যাত এক বাঙালি কবি লিখলেন ‘বিপন্ন বিস্ময়’ এর কথা। এরপর গোটা পৃথিবী ঢুকে গেল ইন্টারনাল এক বিষণ্নতায়। যা আর কখনোই গেল না...
স্যাডনেস উইল লাস্ট ফরএভার
হাসনাত শোয়েব
হাসনাত শোয়েব




মন্তব্য