দারুণ একটা ভুল ছবি
দারুণ একটা ভুল ছবি!
ঝাউবনের ফাঁকে-ফাঁকে মুখ লুকায় অগ্নিপুরুষ
দারুণ একটা ভুল ছবি আঁকতে আঁকতে ভুলে গেছি পূর্বাপর।
সার্কাসের আহত ক্লাউন। মুখের আদলে মুখশ্রী।
এবার থামাও ভায়োলিনের করুণ ভুলভাল ।
কাঠের দরোজায় দাঁড়িয়ে আছে বরফের ডিম।
শিরীষ গাছের বাঁকে হারায় ভয়ংকর চাঁদ।
সাগরের নীলে লীন হতে হতে ভুলে গেছি, E=mc^2 সূত্র।
অতঃপর পটুয়ার দিগন্তজোড়া পোস্টারে উদিত হয় নন্দলাল সূর্য।
মোমেন্ট অর মোমেন্টাম
প্রিয় রঙ অন্ধকার, গৃহে পালিত
সে গেছে চাঁপাফুলের হাটে;
কে কার অলংকার নাকি অহংকার!
(কতিপয়) মানুষের ভুল এই-পুঁতির মালার সাথেও
কাটিয়ে দিতে পারে
আস্ত-সমস্ত জীবন।
সক্রেটিস বললেন, নো দাইসেল্ফ
মহামতি শুনুন, একা না হলে নিজেকেও জানা যায় না
অক্সিজেন এবং পানির দুষ্প্রাপ্যতা বোঝা যায় উবে যাওয়ার পরই
যে জীবনে মোমেন্ট মানে বল আর দূরত্বের শলমাজরি
সে জীবনের গুণফল তাড়াতাড়ি শেষ হোক।
এমন একটা জীবন চাই যেখানে মোমেন্ট মানে
কেবলই মুহূর্ত; হোক তা শুধুই প্রতীকী প্রতীক্ষার!
দুটি কবিতা
ইহিতা এরিন
ইহিতা এরিন




বেশ লাগলো...
উত্তরমুছুন