বুকের মধ্যে লালন করেছি নীল রঙা এক পাখি, উড়তে সে চায় বারংবার, নির্মম আমি বলি- থাকো যেমনটা আছো আমার অতলে।
আমি কাউকে দেখতে দেবনা তোমার অবয়ব।
বুকের মধ্যে লালন করা আমার নীল রঙা পাখি - নিঠুরতায় অবহেলে তার উপর ঢেলে দিই মদ আর নিঃশ্বাসে টেনে নিই সিগারেটের ধোঁয়া-
তবুও গণিকারা, অথবা বারটেন্ডার কিম্বা মুদিখানার দোকানদাররা কোনদিনই জানবে না আমার বুকের অতলে লুকানো সেই নীল পাখিটির নাম।
আমার হৃদয়ে একটা নীল পাখি আছে যে বেরিয়ে যেতে চায় প্রতিবার, তবু নির্মম আমি বলি, যেয়োনাকো।
প্রশ্ন করি- তুমি কি সব লন্ডভন্ড করে দেবে? কি সর্বনাশ করবে তুমি? আরও কি কি করবে বলো ?
আমার হৃদয়ের সেই নীল পাখি, যে পালাতে চায় প্রতিবারে,
তাকে আমি কখনো বা রাতের নৈঃশব্দ্যকে ছুঁতে দিই, যখন সবাই ঘুমিয়ে পড়ে। আমি তাকে বলি- আমি জানি তুমি ওখানেই আছো, তাই দুঃখ করো না।
তারপর আমি তাকে পিঠে চাপাই আর তখনি সে গেয়ে ওঠে গান, মরতে দিইনি তাকে আজও- কারণ আমাদের গোপন চুক্তি মতো এভাবেই আমরাও একসাথে ঘুমিয়ে পড়ি।
একজন মানুষকে কাঁদানোর জন্য এটাই কি যথেষ্ট নয়,
কিন্তু আমি কাঁদি না,
আর তুমি?
নীল রঙা পাখি
চার্লস বুকৌস্কি
অনুবাদ: সাগ্নিক দাস
চার্লস বুকৌস্কি
অনুবাদ: সাগ্নিক দাস




মন্তব্য