১.
আমরা আমাদের সাথেই দেখা করি এসো—
ও ব্যবহৃত প্যাকেট, সিগারেট, পাতা।
মূলত মাথা তুলি একসাথে সূর্যের দিকেই অঙ্কুরের মতো। আমাদের ছায়ার ভেতর থেকে খুলে খুলে ছায়া পাপড়ির মতো এসো মিলেমিশে হয়ে থাকি একা। যেকোনো শব্দহীন সাইকেল চলে গেলে ভেবে ভেবে ক্লান্ত হই..
২.
আজ এখন স্নান সেরে নিচ্ছি।
এই স্নানঘরে চারটি দেয়াল। কী সুক্ষ্ণ প্রকারে এখানে এই ধূলির জালটি গড়ে উঠেছে। এই হলো বিষয়। ধীরে ধীরে অজস্র ধূলিরা মিলেমিশে এই জালটি গড়ে তুলেছে। অজস্র ধূলির ইচ্ছে ছিল এমন। এখন চুপচাপ উপভোগ করছে জীবন এই জালটি..
ঠিক এরকম অঙ্গ-প্রতঙ্গের অন্য একটি জাল এই পৃথিবীতে কিন্তু নেই..
৩.
ভাবছি কুয়াশা যখন নিজেকে বাতাসে ছড়িয়ে রাখে তখন তার অনুভূতি কীরকম হয়। এখন শীতের প্রাক্কালে, চারদিকে হামেশাই কুয়াশা আছে। সাধারণত অনেক জল কুয়াশায় থাকে। কুয়াশা জমে জমে ধীরে ধীরে সেসব জল পড়ে। তখন টপটপ শব্দ হয়। এভাবে কুয়াশার শরীরটি ভেঙে পড়ে। আবার নতুন করে জন্ম হয় কুয়াশার অনেক শরীর, বাতাসে বাতাসে, ফলে অনুভূতিগুলোও নতুন হয় কুয়াশার..
৪.
ফ্যানের পাখায় ময়লা লেগে আছে। উভয়ের বুক আর স্তন লেপ্টে আছে। বুক বলতে এখানে বুক নয়, স্তনও মূলত স্তন নয়। আসলে উত্তাপ আছে। পৃথিবীর সকল লেগে থাকার ভেতর উত্তাপ আছে। এই উত্তাপটুকুই উপভোগ্য। এই উপভোগটুকু একান্তই ফ্যানের আর ময়লার..
৫.
প্রতিটি বার-ই যেন বলিষ্ঠ ঘোড়া
দৌড়ে যায়..
শনি.. বরি.. সোম..
আর আমার শরীর এক খোলা প্রান্তর, মাঠ
ক্রমশ খুরাঘাতে ধুলো উড়ে যায়..
ফলে সাবানের মতো ক্ষয়ে যাচ্ছি..
আমাদের সাথে দেখা করি
ফেরদৌস লিপি
ফেরদৌস লিপি




মন্তব্য