.header-button .inner > span { font-size: 18px !important; } .header-button .inner i.fa { font-size: 40px !important; } .comment-form-message { background-color: #f4f4f4 !important; font-size: 14px !important; }

$type=ticker$count=12$cols=4$cate=0$sn=0$show=post

সালমান রুশদির মিডনাইটস চিলড্রেন (পর্ব ৭.২) • বাংলা অনুবাদ: দীপ মন্ডল

সালমান রুশদির মিডনাইটস চিলড্রেন (পর্ব ১) • বাংলা অনুবাদ: দীপ মন্ডল
পুস্তক ১ • অধ্যায় ৭ • পর্ব ২

মেথওল্ড

METHWOLD

‘বেশ ভালো ভালো লোকেরাই কিন্তু বাড়িগুলো কিনছে,’ আহমেদ নিজের রুমালটা এগিয়ে দেয় আমিনার দিকে, ‘চমৎকার সব নতুন প্রতিবেশী... ভার্সাই ভিলায় ওই মিস্টার হোমি ক্যাটর‍্যাক, পার্সি ভদ্রলোক বটে, তবে রেসের ঘোড়ার মালিক। সিনেমা-টিনেমাও প্রোডিউস করে। আর ওই স্যঁ সুসিতে ইব্রাহিমরা, নুসি ইব্রাহিমেরও তো সন্তান হবে হবে, তোমাদের বেশ ভাব হয়ে যাবে দেখবে... আর ওই বুড়ো ইব্রাহিম, আফ্রিকায় নাকি তার পেল্লায় সব সিসাল গাছের খামার আছে। বেশ বনেদি বংশ।’
   ‘... আর তারপর? আমি বাড়িটাকে নিয়ে যা খুশি তাই করতে পারব তো...?’
   ‘হ্যাঁ গো হ্যাঁ, নিশ্চই। লোকটা স্বাভাবিকভাবেই চলে যাবে… তখন…’
   ‘... সব একেবারে চমৎকারভাবে গুছিয়ে ফেলা গেছে,’ উইলিয়াম মেথওল্ড বললেন। ‘জানেন তো, এই যে আস্ত শহরটা দেখছেন, এই গোটা শহরটাকে গড়ে তোলার ভাবনাটা আমারই এক পূর্বপুরুষের মাথায় প্রথম খেলেছিল। বলতে পারেন বম্বের র‍্যাফেলস। তাঁর বংশধর হিসেবে, ইতিহাসের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে, আমার কেন জানি মনে হচ্ছে, নিজের দায়িত্বটুকু অন্তত আমার পালন করা উচিত। হ্যাঁ, ভালো কথা… তা আপনারা কবে উঠছেন? একবার মুখে বললেই হলো, আমি সোজা তাজ হোটেলে গিয়ে উঠব। কালই? দারুণ ব্যাপার। সবকুছ টিকটক হ্যায়।’
     এই সব মানুষগুলোর মাঝেই আমার ছেলেবেলাটা কেটেছে: ওই হোমি ক্যাটরাক,—সিনেমার জাঁদরেল কারবারি আর রেসের ঘোড়ার মালিক, আর তার সেই হাবাগোবা মেয়ে টকসি—যাকে কিনা সবসময় তার আয়া বি-আপ্পার সঙ্গে তালাবন্ধ ঘরে আটকে রাখতে হতো। আমার দেখা মেয়েমানুষের মধ্যে ওই বি-আপ্পার মতো দজ্জাল আমি দুটি দেখিনি। তা ছাড়া ছিল সঁ সুসি-র বাসিন্দা ওই ইব্রাহিমরা—সিসাল খামারের মালিক বুড়ো ইব্রাহিম ইব্রাহিম, মুখে তার ছাগল-দাড়ি; তার দুই ছেলে ইসমাইল আর ইসহাক; সেইসঙ্গে ইসমাইলের সেই ছোট্টখাট্টো, হড়বড়ে আর বেচারা গোছের বউ নুসি—যাকে আমরা ডাকতাম ‘নুসি-দ্য-ডাক’ বলে। হাঁসের মতো কেমন দুলেদুলে চলত সে, আর তখনও তার পেটের ভেতর বড় হচ্ছে আমার বন্ধু সানি—ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তার জন্মের সময়ে ঘটতে চলা সেই ডাক্তারি চিমটের অঘটনের দিকে... এসকোরিয়াল ভিলাটা আবার কয়েকটা ফ্ল্যাটে ভাগ করা ছিল। একতলায় থাকত দুবাশরা—কর্তাটি মস্ত পদার্থবিদ, যিনি পরে ট্র্রম্বে পরমাণু গবেষণা কেন্দ্রের এক বড়ো মাথা হয়ে উঠবেন একদিন; আর গিন্নিটি যেন আস্ত একটা শূন্যস্থান, যাঁর ওই ভাবলেশহীন চেহারার আড়ালে লুকিয়ে থাকত এক ঘোর ধর্মান্ধ মন—যাক গে, ও কথা আর বাড়াব না, শুধু বলি ওরাই ছিল সাইরাসের মা-বাবা (যদিও সাইরাসের জন্ম হতে তখনও মাসকয়েক দেরি), এই সাইরাস-ই ছিল আমার প্রথম গুরু, স্কুলের নাটকে মেয়েদের পার্ট করত সে আর লোকে তাকে ডাকত ‘সাইরাস দ্য গ্রেট’ বা ‘মহান সাইরাস’ বলে। ওদের ঠিক ওপরতলায় ফ্ল্যাট কিনেছিল বাবার বন্ধু ডাক্তার নারলিকার... গায়ের রং আমার মায়ের মতোই কুচকুচে কালো; উত্তেজনায় বা খুশিতে তার শরীর থেকে যেন উজ্জ্বল আভা ঠিকরে বেরুত; বাচ্চাকাচ্চা দু’চক্ষে দেখতে পারত না, অথচ ও-ই কিনা আমাদের ধরাধামে নিয়ে আসত; আর তিনি মারা যাওয়ার পর শহরের বুকে লেলিয়ে দিয়ে যাবেন এমন এক দুর্ধর্ষ নারীবাহিনীকে, যারা কিনা দুনিয়ার সবকিছু করতে পারত আর কোনো বাধাই তাদের পথ আটকাতে পারত না। আর সবশেষে, একেবারে ওপরের তলায় থাকত কমান্ডার সবরমতী আর তার স্ত্রী লীলা—নেভির একেবারে উঁচু পদের একজন অফিসার এই সাবরমতী, আর তার গিন্নি—যার শখ-আহ্লাদগুলো ছিল বেজায় দামি দামি; এত সস্তায় বউয়ের জন্য এমন একটা বাড়ি জোগাড় করতে পেরে লোকটা নিজের ভাগ্যকেই বিশ্বাস করতে পারছিল না। ওদের তখন দুটো ছেলে, একজনের বয়স মোটে আঠারো মাস আর অন্যটার চার—অদূর ভবিষ্যতে যারা বড্ড জবুথবু আর ভীষণ হুল্লোড়বাজ হিসেবে বড় হয়ে উঠবে, আর লোকের মুখে মুখে তাদের ডাকনাম হবে আইস্লাইস ও হেয়ারঅয়েল,—কিন্তু তখন ওরা ঘুণাক্ষরেও জানত না (জানবেই বা কী করে?) যে আমিই একদিন ওদের সাজানো জীবনটা তছনছ করে দেব… উইলিয়াম মেথওল্ডের হাতে বেছে নেওয়া এই সব চরিত্ররাই হয়ে উঠল আমার জগতের কেন্দ্রবিন্দু, এস্টেটে এসে মেথওল্ড সাহেবের ওই সব অদ্ভুত খেয়ালিপনাও ওরা দিব্যি মুখ বুজে সয়ে নিয়েছিল—কারণ আর কিছু নয়, দামটা যে বড্ড সস্তা ছিল।
  ...ক্ষমতা হস্তান্তরের আর মোটে তিরিশটা দিন বাকি, এর মধ্যে লীলা সবরমতী তো টেলিফোনেই অস্থির, ‘তুই সহ্য করছিস কী করে বল তো নুসি? এ বাড়ির সব ঘরে ওই কথা-বলা বদ্রীপাখি, আর আলমারি খুললেই পোকায়-কাটা জামাকাপড় আরও সব ব্যবহার করা ব্রেসিয়ার—বক্ষবন্ধনী!’ নুসি আবার আমিনার কাছে নালিশ ঠুকছে, ‘গল্ডফিশ, ইয়া আল্লাহ, আমি দুচক্ষে দেখতে পারি না ওই প্রাণীগুলোকে, কিন্তু মেথওল্ড সাহেব নিজে এসে ওদের খাবার দিয়ে যায়... আর ওই আধা-খালি বোভরিলের শিশিগুলো, ও নাকি ফেলা চলবে না!... পাগলামি আর কাকে বলে! আমিনা বুবু, আমরা এসব করছিটা কী বল তো?’ ওদিকে বুড়ো ইব্রাহিম তো বেডরুমের সিলিং ফ্যান চালাতেই নারাজ, বিড়বিড় করে বলছে, ‘ওই যন্তরটা নির্ঘাত খসে পড়বে—রাতে ঘুমের মধ্যে কচাত করে আমার মুণ্ডুটা ধড় থেকে কেটে নেবে—অত ভারী একটা জিনিস কি আর সিলিং-এ ঝুলে থাকতে পারে?’ হোমি ক্যাটরাক মানুষটা একটু ত্যাঁদড় গোছের সাধাসিধে, তাকে বাধ্য হয়ে শুতে হচ্ছে বিশাল এক নরম গদি-আঁটা পালঙ্কে; ফল যা হওয়ার তাই—পিঠের ব্যথা আর অনিদ্রা। তার চোখের নিচে থাকা বংশানুক্রমিক কালো দাগগুলোর ওপর অনিদ্রার ছাপ আরও গভীর হচ্ছে। বেয়ারা তো একদিন বলেই দিল, ‘বিদেশি সাহেবরা সব কেন পালিয়েছে এখন বুঝুন স্যার, ওরা বোধহয় একটু নিশ্চিন্তে ঘুমোতেই দেশ ছেড়েছে।’ তবুও সবাই দাঁতে দাঁত চেপে মাটি কামড়ে পড়ে আছে; সমস্যা যেমন আছে, সুবিধাও তো কম নয়। ওই লীলা সবরমতীর কথাই ধরুন (‘বড্ড বেশি সুন্দরী, অত রূপ ভালো নয়,’ মা বলত)... ‘একটা পিয়ানোলা গো আমিনা বুবু! আর সেটা দিব্যি চলে! সারাদিন বসে বসে আমি কী যে বাজাচ্ছি আল্লাহ মালুম! ‘পেল হ্যান্ডস আই লাভড বিসাইড দ্য শালিমার’... কী মজা যে লাগছে ভাই, শুধু প্যাডেল চাপলেই হলো!’ আর বাকিংহাম ভিলায় (আমাদের আগে ওটাই তো ছিল মেথওল্ডের নিজের আস্তানা) আহমেদ সিনাই একটা ককটেল ক্যাবিনেট খুঁজে পেয়ে একেবারে বর্তে গেছে; ভালো জাতের স্কচ হুইস্কির স্বাদ পেয়ে সে তো গদগদ, ‘তাতে হয়েছেটা কী? মিস্টার মেথওল্ড না হয় একটু ছিটগ্রস্ত, তা বলে কি ওটুকু আমরা মেনে নিতে পারি না? আমাদের এত প্রাচীন এক সভ্যতা, আমরা কি ওঁর মতো একটু সভ্যভব্য হতে পারি না?’... বলেই এক চুমুকে খালি করে ফেলে গেলাসটা। সুবিধা-অসুবিধা দুই-ই আছে: ‘এতগুলো কুকুরের দেখাশোনা করা কি চাট্টিখানি কথা নুসি বুবু,’ লীলা সবরমতী গজগজ করে, ‘কুকুর আমি দুচক্ষে দেখতে পারি না। আর আমার ছোট্ট পুচকে বিড়ালছানা, কত্তো মিষ্টি দেখতে চো সুইট যাকে বলে, সে তো ভয়ে একেবারে সিঁটিয়ে থাকে!’ ওদিকে ডাক্তার নারলিকার রাগে গজগজ করতে করতে বলছে, ‘আমার বিছানার ঠিক ওপরেই! বাচ্ছাকাচ্ছার ছবি, সিনাই ভাই! আর সে কী ছবি—মোটাসোটা! গোলাপি! তিন-তিনটে বাচ্চা! এটা কি কোনো কাজের কথা হলো।’...  কিন্তু দেখতে দেখতে সময় গড়িয়ে এল, হাতে আর মোটে কুড়িটা দিন। সব কিছু কেমন সয়ে আসছে, সব কিছুর ধারালো কোণগুলো যেন ভোঁতা হয়ে আসছে, তাই ওরা কেউ টেরই পেল না আসলে কী ঘটে চলেছে: ওই এস্টেট, মেথওল্ডের এস্টেট ওদের ধীরে ধীরে বদলে দিচ্ছে। রোজ সন্ধে ছ’টায় ওরা বাগানে বেরিয়ে ককটেল আড্ডায় মাতছে, আর উইলিয়াম মেথওল্ড দেখা করতে এলেই ওরা দিব্যি গলায় মেকি অক্সফোর্ড টান এনে কথা বলছে; ওরা শিখছে সিলিং ফ্যান আর গ্যাস কুকার ব্যবহারের কায়দা, বদ্রীপাখিদের সঠিক খাওয়াদাওয়ার নিয়ম—মেথওল্ড ওদের এই ভোলবদল দেখছে আর মনে মনে বিড়বিড় করছে। একটু কান পেতে শুনুন তো কী বলছে লোকটা? হ্যাঁ, ঠিকই শুনেছেন। ‘সবকুছ টিকটক হ্যায়,’ বিড়বিড় করছেন উইলিয়াম মেথওল্ড। সবকিছু একেবারে ঠিকঠাক।
     সামনের স্বাধীনতা উৎসব নিয়ে সাধারণ মানুষের মন ছুঁয়ে যাওয়ার মতো একটা নজরকাড়া খবরের খোঁজে টাইমস অফ ইন্ডিয়া পত্রিকার বম্বে সংস্করণ যখন ঘোষণা করে বসল যে, নতুন রাষ্ট্রের জন্ম নেওয়ার একেবারে ঠিক সেই মুহূর্তটিতে বম্বের যে-মা সন্তানের জন্ম দিতে পারবেন, তাঁকে তারা একটা পুরস্কার দেবে, তখন আমিনা সিনাই—যে কিনা মাছি-মারা আঠালো কাগজের এক অদ্ভুত রহস্যময় স্বপ্ন থেকে সবেমাত্র জেগে উঠেছে—খবরের কাগজটার ওপর একেবারে আঠার মতোই সেঁটে রইল। খবরের কাগজটা সোজা আহমেদ সিনাইয়ের নাকের ডগায় ঠেসে ধরা হলো; আর আমিনার আঙুলটা বিজয়ীর মতো কাগজের ওই পাতাটার ওপর সজোরে টোকা দিয়ে তার গলার স্বরের চরম নিশ্চিন্ত ভাবটাকে যেন আরও জোরদার করে তুলল।
     ‘দেখলে তো, জানুম?’ আমিনা ঘোষণা করল। ‘ওই মা কিন্তু আমিই হতে চলেছি।’
    ততক্ষণে ওদের চোখের সামনে ভেসে উঠেছে খবরের কাগজের বড় বড় হরফের শিরোনাম: ‘বেবি সিনাইয়ের এক মনভলানো ভঙ্গিমা—এই মাহেন্দ্রক্ষণের শিশু!’—আর তার সঙ্গেই চোখের সামনে ফুটে উঠল খবরের কাগজের একেবারে প্রথম পাতাজুড়ে ঝকঝকে ছাপা একটি বাচ্চার ছবি, যাকে বলে একেবারে ‘এ-ওয়ান’ কোয়ালিটি; কিন্তু আহমেদ তর্ক জুড়ে দিল, ‘একবার ভেবে দ্যাখো তো বেগম, এমনটা ঘটার সম্ভাবনা ঠিক কতটা ক্ষীণ…,’ তা শুনে একগুঁয়ের মতো চোয়ালটা শক্ত করে চেপে সে আবার বলে উঠল, ‘কোনো কিন্তু-টিন্তু আমি শুনব না; ওটা আমিই হতে চলেছি, ঠিক মিলিয়ে নিও। আমি জানি, ব্যস। আমাকে জিজ্ঞেস করো না কেমন করে।’
   আহমেদ যদিও তার স্ত্রীর এই ভবিষ্যদ্বাণীর কথাটা উইলিয়াম মেথওল্ডের কাছে ককটেল-খাওয়ার আসরে নিছক একটা রসিকতার ছলে বলে ফেলেছিল, আমিনা কিন্তু নিজের সিদ্ধান্তে একেবারে অনড় রইল, এমনকী মেথওয়াল্ডের হাসিতেও তার এতটুকু হেলদোল হলো না। ‘মেয়েদের এই অন্তর্নিহিত বোধ—বড়ো চমৎকার জিনিস, মিসেস এস! কিন্তু সত্যি বলতে কী, আপনি তো আর আশা করতে পারেন না যে আমরা…’ এমনকী তাদের প্রতিবেশী ‘নুসি-দ্য-ডাকে’র—সেই বিরক্তি-মাখানো বাঁকা চাহনির চাপেও আমিনা নিজের কথা থেকে একচুলও সরল না; ওই নুসিও তখন পোয়াতি, আর টাইমস অফ ইন্ডিয়া-র খবরটা তারও নজরে পড়েছিল। আসলে রামরামের সেই ভবিষ্যদ্বাণীটা ততদিনে আমিনার মনের একেবারে গহীনে শিকড় গেড়ে বসেছিল।
   সত্যি কথা বলতে কী, আমিনার গর্ভাবস্থা যত এগোতে লাগল, সে বুঝতে পারল গণৎকারের সেই কথাগুলো যেন তার কাঁধে, তার মাথায়, তার ফুলে-ওঠা বেলুনের মতো পেটের ওপর ক্রমশ আরও বেশি করে জগদ্দল পাথরের মতো চেপে বসছে। এর ফলে, দুই-মাথাওয়ালা এক বাচ্চার জন্ম দেওয়ার দুশ্চিন্তার জালে আটকে পড়ে সে কোনোমতে মেথওয়াল্ডস এস্টেটের সেই মায়াবী হাওয়াজাল থেকে বেঁচে গেল, এবং ককটেল-পানের আসর, বদ্রীপাখি, পিয়ানোলা আর সাহেবদের মতো ইংরেজি উচ্চারণের ছোঁয়াচ ইত্যাদি বাঁচিয়ে দিব্যি বহাল তবিয়তে রইল সে… তাই প্রথম দিকটায়, টাইমস-এর ওই পুরস্কার জেতার ব্যাপারে তার নিশ্চিত হওয়ার মধ্যে একটা কেমন-যেন খটকা ছিল, কারণ সে নিজেকে এই বলে বুঝিয়েছিল যে গণৎকারের ভবিষ্যদ্বাণীর এই অংশটা যদি ফলেও যায়, তবে সেটা এটাই প্রমাণ করবে যে বাকি কথাগুলোও ঠিক ততটাই অক্ষরে অক্ষরে মিলে যাবে, সেগুলোর অর্থ শেষমেশ যা-ই দাঁড়াক না কেন। তাই আমার মা যে একেবারে নির্ভেজাল গর্ব আর অধীর আগ্রহের সুরেই কথাটা বলেছিল, এমনটা মোটেও নয়, যখন সে বলল, ‘অন্তর্নিহিত বোধের কথা বাদ দিন, মিস্টার মেথওল্ড। এটা একেবারে গ্যারান্টি দেওয়া সত্যি কথা।’
   নিজের মনে মনে সে আরও একটু যোগ করেছিল: ‘আর এটাও সত্যি যে: আমার একটা পুত্র সন্তান-ই হতে চলেছে। কিন্তু তাকে খুব চোখে চোখে রাখতে হবে, নইলে সমূহ বিপদ।’
   আমার তো মনে হয়, মায়ের শিরা-উপশিরায় একেবারে গভীরে, সম্ভবত তার নিজের অজান্তেই, নাসিম আজিজের সেই অতিপ্রাকৃত ধ্যানধারণাগুলো তার চিন্তাভাবনা আর আচার-আচরণের ওপর প্রভাব ফেলতে শুরু করেছিল—যে অদ্ভুত ধারণাগুলোর বশবর্তী হয়ে রেভারেন্ড মাদার দিব্যি বিশ্বাস করতেন যে উড়োজাহাজ হলো গিয়ে খোদ শয়তানের সৃষ্টি, আর ক্যামেরা নাকি মানুষের আত্মা শুষে নেয়; বেহেশত যেমন সত্যি, ভূতপ্রেতও যে বাস্তবের তেমনই এক অবিচ্ছেদ্য অংশ, আর বুড়ো আঙুল আর তর্জনীর চিমটে দিয়ে কারও পবিত্র কান চেপে ধরাটা ঘোরতর পাপ ছাড়া আর কিছুই নয়—সেই ধারণাগুলোই এখন তার মেয়ের ওই ঘোর-লাগা মাথার ভেতর ফিসফিস করতে শুরু করেছিল। ‘সাহেবদের এই হাজারো জঞ্জালের মাঝখানে বসে থাকলেও,’ আমার মা ভাবতে শুরু করেছিল, ‘দেশটা তো সেই ভারতবর্ষই, আর রামরাম শেঠের মতো মানুষেরা যা জানার তা ঠিকই জানেন।’ আর ঠিক এভাবেই তার আদরের বাবার সেই যুক্তিবাদী মনের জায়গাটা একটু একটু করে দখল করে নিচ্ছিল আমার দিদিমার ওই অন্ধবিশ্বাস; সেই সঙ্গে, আমিনা তার বাবা ডাক্তার আজিজের কাছ থেকে দুঃসাহসের যে স্ফুলিঙ্গটা উত্তরাধিকার সূত্রে পেয়েছিল, সেটাও অন্য এক সমান ভারী পাথরের চাপে একটু একটু করে নিভে যেতে বসেছিল।

পূর্ববর্তী পর্ব পড়ুন এখানে: [মধ্যরাতের সন্তানেরা]

মধ্যরাতের সন্তানেরা
সালমান রুশদি
▋অনুবাদ: দীপ মন্ডল

মন্তব্য

নাম

অনুবাদ,74,আত্মজীবনী,27,আর্ট-গ্যালারী,2,আলোকচিত্র,1,ই-বুক,7,ইচক দুয়েন্দে,23,ইশতেহার,2,উৎপলকুমার বসু,26,উপন্যাস,21,ঋত্বিক-ঘটক,21,কবিতা,357,কবিতায় কুড়িগ্রাম,7,কর্মকাণ্ড,18,কার্ল মার্ক্স,1,গল্প,92,গিন্সবার্গ,7,চার্লস বুকাওস্কি,40,ছড়া,1,জার্নাল,13,জীবনী,9,দশকথা,25,দিনলিপি,1,পাণ্ডুলিপি,11,পুনঃপ্রকাশ,27,পোয়েটিক ফিকশন,1,প্রতিবাদ,1,প্রতিষ্ঠানবিরোধিতা,4,প্রবন্ধ,222,প্রিন্ট সংখ্যা,5,বই,3,বর্ষা সংখ্যা,1,বসন্ত,15,বিক্রয়বিভাগ,21,বিবিধ,3,বিবৃতি,1,বিশেষ,27,বুলেটিন,4,বৈশাখ,1,ভাষা-সিরিজ,5,ভিডিও,3,মাসুমুল আলম,35,মুক্তগদ্য,47,মে দিবস,1,যুগপূর্তি,6,রিভিউ,5,লকডাউন,2,শম্ভু রক্ষিত,2,শাহেদ শাফায়েত,25,শিশুতোষ,1,সন্দীপ দত্ত,14,সম্পাদকীয়,22,সাক্ষাৎকার,27,সৈয়দ ওয়ালীউল্লাহ,18,সৈয়দ রিয়াজুর রশীদ,55,সৈয়দ সাখাওয়াৎ,33,স্মৃতিকথা,15,হেমন্ত,1,
ltr
item
বিন্দু | লিটল ম্যাগাজিন: সালমান রুশদির মিডনাইটস চিলড্রেন (পর্ব ৭.২) • বাংলা অনুবাদ: দীপ মন্ডল
সালমান রুশদির মিডনাইটস চিলড্রেন (পর্ব ৭.২) • বাংলা অনুবাদ: দীপ মন্ডল
মধ্যরাতের সন্তানেরা • সালমান রুশদির বুকারজয়ী উপন্যাস মিডনাইটস চিলড্রেন-এর বাংলা অনুবাদ করেছেন দীপ মন্ডল৷
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgeRgp7MV3MVjqdWQPggKmrClfDaNWkTe904uIJl0sgQrdxlrfbiRislYW-ZvIBYZwiH1DRyUuKu7h9sjp1t6n5ZK7LCabxeNkcRaAu3lEsXyiE3ArUMz-1EWiStFZ4cm_O5bNsMWBk9mwLwPtNZ6aW8c0AgehsYz0lXOZ-0CG68AgShSTQkWU-wGvxrHs/s1600/%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%9F%E0%A6%B8%20%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%A1%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8%20%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%20%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B6%E0%A6%A6%E0%A6%BF%20%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%81%20%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%B2%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%97.png
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgeRgp7MV3MVjqdWQPggKmrClfDaNWkTe904uIJl0sgQrdxlrfbiRislYW-ZvIBYZwiH1DRyUuKu7h9sjp1t6n5ZK7LCabxeNkcRaAu3lEsXyiE3ArUMz-1EWiStFZ4cm_O5bNsMWBk9mwLwPtNZ6aW8c0AgehsYz0lXOZ-0CG68AgShSTQkWU-wGvxrHs/s72-c/%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%9F%E0%A6%B8%20%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%A1%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8%20%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%20%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B6%E0%A6%A6%E0%A6%BF%20%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%81%20%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%B2%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%97.png
বিন্দু | লিটল ম্যাগাজিন
https://www.bindumag.com/2026/09/midnights-children-19.html
https://www.bindumag.com/
https://www.bindumag.com/
https://www.bindumag.com/2026/09/midnights-children-19.html
true
121332834233322352
UTF-8
Loaded All Posts Not found any posts আরো Readmore উত্তর Cancel reply মুছুন By নী PAGES POSTS আরো এই লেখাগুলিও পড়ুন... বিষয় ARCHIVE SEARCH সব লেখা কোন রচনায় খুঁজে পাওয়া গেল না নীড় Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy