নিজেকে দেখলাম একদিন খুব ভোরে—আয়নার ওপারে দাঁড়িয়ে থাকা এক ক্লান্ত মানুষের চোখে। চিনতে পারিনি নিজেকে। এ তো আমি নই, আমার চোখ এত নিঃশব্দ! আমার হাসির ভেতর এত শূন্যতা!
আমি কি হারিয়ে ফেলেছি আমার ভেতরের সেই শহরটাকে!
যেখানে একসময় আমার স্বপ্নেরা জানালা খুলে বসত, আশারা সন্ধ্যায় প্রদীপ জ্বালাত, আর আমি ছিলাম সেই শহরের একমাত্র সুখী নাগরিক। আজ সেই পুরোনো শহরের পথে ফিরে যেতে চাইলে অনুভব করি, বুকের ভেতর এক মুঠো অব্যবহৃত আলো আর নিজের কাছে ফিরে আসার এক দীর্ঘ ক্লান্তি। হয়তো নিজেকে হারানো কোনো বজ্রপাতের মতো ঘটনা না। বরং নদীর তীর ভাঙার মতো—নিঃশব্দে, অল্প অল্প করে বিলীন হওয়া।
বোকা জীবনের কতগুলো বছর কেটে গেল—
আমি মানুষ চিনলাম
শহর চিনলাম
ভালোবাসা চিনলাম
বিচ্ছেদ চিনলাম
শুধু নিজেকে চিনতে সবচেয়ে বেশি সময় লেগে গেল। তবুও কি পুরোপুরি চিনলাম!
সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। মানুষ এখনো ফুল ভালোবাসে। এও কি কম আশ্চর্যের নয়! আমি শুধু ভুলে যাই। সুখের কথা, দুঃখের কথা, সব ভুলে যাই। এটা বোধহয় নতুন অসুখ। তবে অসুখটা মন্দ নয়। যে বাস্তবতায় আছি কখন কি ভুলে যাই তাই নিজেকে কিছু বলা দরকার। অনেক বার বেড়েছে সে। তাকে আনুষ্ঠানিক ভাবে একখানা পত্র লিখছি। শোন মন, এই যে এতো মরিয়া হয়ে মানুষের কথা ভাবো তাতে কি তোমার মর্যাদা একটুও বেড়েছে? বরং বেড়েছে গা-ধাক্কাধাক্কি আর অপবাদ। অনেক তো হলো। কাঁধে রাজ্যের ক্লান্তি নিয়ে আর কতকাল ভরিয়ে রাখবে দুষ্ট লোকের বৈঠকখানা। জীবনটা উধাও হওয়ার আগেই প্রজাপতি হয়ে উড়ে যাও। প্রেমের মাঝে ঘাপটি মেরে বসে থাকো। এবার একটু সচেতন হও মানুষ থেকে। মানুষকে খুশি করার ভাষা রপ্ত করতে পারেনি কেউ। তুমি কেন বৃথা চেষ্টা করছ। সব স্মৃতি পুড়িয়ে দাও, শুধু বেঁচে থাকো এই মুহূর্তটুকু। এই সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে শুধু নিজেকে ছেড়ে যেও না।
রাতগুলোকে ভালোবাসো মায়ের মতো। সব দুঃখের কথা বলো তাকে। আর সকালটা রাখো সূর্যের আলোয় যারা তোমাকে দেখে তাদের জন্য। যাপনটা একান্তই নিজের। ঠিক যন্ত্রণা যেমন একান্ত। একান্ত অনুভূতি একাকার করার একজনকে পাওয়া বেশ দুরূহ। পেয়ে গেলে তাকে ধরে রাখা আরো দুরূহ। আশেপাশের সবই কঠিন শুধু নিজের জন্য নিজেকে একটু সহজ করে তোলা যায়। নিজের মধ্যে একটা শান্ত নদীর ঠিকানা নিজেকেই আবিষ্কার করতে হয়। যেখানে তুমি তোমার হাত ধরে বসে থাকবে, চোখের জল মুছে ফেলতে অন্যকারো অভাববোধ হবে না। শোন তোমাকে আরো একটা কথা বলি সন্তুষ্টি হলো সুখের সহজ সমাধান। জানি তুমি অল্পতেই খুশি। তাই বলে আবার অধিকার ছেড়ে দিও না। অনেক কথা বলা হলো। শেষ কথা, মানুষকে যতোখানি ভালোবাসো তার আধেকও যদি নিজেকে ভালোবাসতে, তাতে তুমি কিন্তু স্বার্থপর হতে না।
প্রিয় স্ব
▮ ফারিহা নূর
▮ ফারিহা নূর




ভাল লিখেছেন।
উত্তরমুছুনপাঠ করলাম। এক গভীর অনুধ্যান অনুভূত হল।
উত্তরমুছুন